নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে অতিপরিচিত ও পছন্দের কার্টুন সিরিজ ক্যাপ্টেন প্ল্যানেট। পৃথিবীতে থাকা পাঁচজনের পাঁচ রকম শক্তি একত্র হলে তৈরি হতো ক্যাপ্টেন প্ল্যানেট। পৃথিবীর পরিবেশগত নানা সমস্যা সমাধান করত সে। এ কারণেই ক্যাপ্টেন প্ল্যানেটের এমন নাম। আর যে শক্তিগুলো দিয়ে তাকে তৈরি করা হতো তা ছিল আর্থ, ওয়াটার, ফায়ার, উইন্ড ও হার্ট। অর্থাৎ মাটি, পানি, আগুন, হাওয়া ও হূদয়। সম্প্রতি অয়ন মুখার্জি পরিচালিত ব্রহ্মাস্ত্র সিনেমার ট্রেলার দেখে দর্শকরা বলছেন, ‘আরে এটা তো ক্যাপ্টেন প্ল্যানেট।’
হিন্দু পুরাণের অনুষঙ্গ থেকে উপাদান নিয়ে ব্রহ্মাস্ত্রের গল্প সাজানো হয়েছে। এখানে রণবীর কাপুরের চরিত্রের নাম শিভা। ত্রিশূল হাতে রণবীরকে দেখে অনেকেরই মনে হয়েছিল শিবের সঙ্গে মিল রেখে তার চরিত্রটি তৈরি করা হয়েছে। কিন্তু ট্রেলারে দেখা গেল সে আসলে নানা অস্ত্রের মধ্যকার একটি অস্ত্র। শিভা বা শিব নামের এ যুবক অগ্নি অস্ত্র। সিনেমায় ঠিক কার বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা যাবে শিভাকে কিংবা তার সঙ্গে কে সাথী হচ্ছে তা ট্রেলার দেখে বোঝা যায়নি। মৌনি রায়কে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে তাকেই খল চরিত্রদের একজন মনে হচ্ছে। অন্যদিকে অমিতাভ বচ্চন থাকছেন অগ্নির (শিভা) পথপ্রদর্শক চরিত্রে। অনেকে মনে করছেন শাহরুখ খান মূল খলনায়কের চরিত্রে থাকছেন। তাকে স্পষ্ট দেখানো না হলেও একটি দৃশ্যের স্ক্রিনশট নিয়ে তারা বলছেন এটি শাহরুখের অ্যাভাটার।
বলিউডের বিরুদ্ধে একটি সাধারণ অভিযোগ তারা কোনো না কোনোভাবে হলিউডকে অনুসরণ করে। সদ্য মুক্তি পাওয়া ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেসের স্কারলেট উইচের সঙ্গে মৌনি রায়ের লুক ও উপস্থাপনা অনেক বেশি মিলে যায়। মার্ভেলের ইটার্নালস সিনেমার গল্পের সঙ্গেও মিল রয়েছে। ট্রেইলারে সিজিআইয়ের ব্যবহার অনেক হলেও বর্তমান সময়ের তুলনায় তা মানের দিক থেকে বেশ পিছিয়েই। কিন্তু ট্রেলার মুক্তির পর এসবের চেয়ে ক্যাপ্টেন প্ল্যানেটের সঙ্গে মিলের বিষয়টি নিয়েই দর্শকরা মজা করছেন। অমিতাভ বচ্চনের কণ্ঠে জল, হাওয়া আর অগ্নির শক্তির কথা বলার পাশাপাশি শক্তিগুলো আকাশে গিয়ে মেলার দৃশ্যও যে কাউকে ক্যাপ্টেন প্ল্যানেটের কথাই মনে করিয়ে দেবে।
ট্রেলার মুক্তির পর পরই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করছেন দর্শকরা। একজন লিখেছেন, ‘তাহলে ভারত তার নিজস্ব ক্যাপ্টেন প্ল্যানেট পেতে যাচ্ছে।’
অগ্নি, জল আর বায়ুর কথা মাথায় রেখে আরেকজন লিখেছেন, ‘শুধু মাটি আর হূদয়টাই বাকি রইল। নইলে দূষণ থেকে বাঁচাতে আমাদের ক্যাপ্টেন প্ল্যানেট পেয়ে যেতাম।’
অয়ন মুখার্জির সঙ্গে রণবীবের সিনেমা নিয়ে দর্শকরা আশাবাদী থাকেন সবসময়। রণবীর-আলিয়া অভিনীত ব্রহ্মাস্ত্র আসবে ৯ সেপ্টেম্বর।
সূত্র: টাইম অব ইন্ডিয়া










