এপ্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমা ‘ন ডরাই’ দিয়েই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। গত ঈদে ‘দাগি’ সিনেমায় স্বল্প সময়ের চরিত্রেও দর্শকের নজর কেড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার অভিনয় নিয়ে বেশ আলোচনাও চলছে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি ইদানীং টিভি নাটকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। গত ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন। গত শুক্রবার ইউটিউবে প্রকাশ হয়েছে তার অভিনীত নাটক ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’। এতে এ অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। ভালোবাসার গল্প নিয়ে এটি নির্মাণ হয়েছে। নাবিহা নুপুরের গল্পে নাটকটি নির্মাণ করেছেন তৌহিদ আশরাফ।
সুনেরাহ বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ। এটি প্রচারের পর বেশ সাড়া মিলছে। দর্শক আসলে ভালো গল্পের নাটক দেখতে চায়। বারবারই এর প্রমাণ পাচ্ছি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় অভিনয় প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ছোট পর্দায় অনেক কাজ হয়। এখানে ভিন্ন ভিন্ন গল্পে কাজের সুযোগ থাকে। সবসময় চর্চার মধ্যে থাকা যায়। শেখার তো শেষ নেই। অনেক কিছু শিখতে পারছি। অল্প সময়ের মধ্যে একটা চরিত্র নিজের মধ্যে ধারণ করে পর্দায় ফুটিয়ে তোলার আনন্দই অন্য রকম। সবকিছু বিবেচনায় রেখে ছোট পর্দায় মাঝেমধ্যে অভিনয় করছি।’










