কিছুদিন আগেই মুক্তি পেয়েছে চরকির ওয়েব সিরিজ ওভারট্রাম্পের ট্রেলার। কিছুটা ভিন্নভাবেই এ সিরিজের অভিনয়শিল্পীরা সবাই একসঙ্গে ফেসবুক লাইভে মুক্তি দেয় ট্রেলারটি। আজ মুক্তি পাচ্ছে বাশার জর্জিস পরিচালিত সিরিজ ওভারট্রাম্প। এ সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মন্ওয়ার, এফএস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ আরো অনেকেই।

সিরিজটিতে একদম নতুন লুকে, নতুনভাবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তার চরিত্র একবারেই অন্য রকম জানিয়ে চঞ্চল বলেন, ‘আমাদের সমাজে এ ধরনের ঘটনা, বিশেষ করে নগর জীবনে অহরহ ঘটছে। এ গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে, তেমন আছে কিছু শিক্ষণীয় দিক। সিরিজটিতে আমার চরিত্রে এক চমক থাকবে, আপাতত এটুকুই বলতে চাই।’ 

অভিনেতা মোস্তফা মন্ওয়ার বলেন, ‘আমার আসলে বেশ কৌতূহল যে দর্শক কীভাবে কাজটা নেবে, কনটেন্টটা কীভাবে বুঝবে। সিরিজের কাস্টিংগুলো খুব মজার। আশা করছি, সিরিজটা খুব এনগেজিং অ্যান্ড ফান ওয়াচ প্রজেক্ট হয়েছে।’

ভাবনা বলেন, ‘ওভারট্রাম্পে আমার চরিত্রের নাম রমা। রমার সঙ্গে ভাবনার কোনো মিল নেই। আগের কাজ থেকে এ চরিত্র সম্পূর্ণ ভিন্ন। আমি নিজেও প্রতিটি কাজে নিজের সর্বোচ্চটা দিতে চাই। খুব চিন্তায় ছিলাম, রমা চরিত্রটা কীভাবে ডিজাইন করব। সবটুকু দিয়ে চেষ্টা করেছি, বাকিটা দর্শকের ওপর।’

কাজটি নিয়ে এফএস নাইম বলেন, ‘ওভারট্রাম্পে কাজের অভিজ্ঞতা দারুণ। জর্জিস ভাই এবং পুরো দলের সবাই দারুণ ছিল। আমি ওই চরিত্রে এক মাস থেকেছি। আমার চরিত্রটি আশা করি সবাই পছন্দ করবে।’

পরিচালক বাশার জর্জিস বলেন, ‘ওভারট্রাম্প গল্পটা কোভিডের সময়ের লেখা। এ সময় সবাই থ্রিলার, রোমান্স করছে। কিন্তু কেউ ডার্ক কমেডি করছে না। যা কমেডি হয়েছে তাও ভিন্ন মাত্রার, টিভিতে দেখা যায়। তবে ওটিটির জন্য তো একটু ভিন্ন ধরনের ডার্ক হওয়া উচিত। ওই জায়গা থেকে ওভারট্রাম্পের কাজের প্রতি আগ্রহ হয়।’ 

সাধারণ ব্যবসায়ী মিরাজকে অপহরণ করে ভীষণ দুর্বিপাকে পড়ে ফটকা সেলিম। একে একে ঘোট পাকিয়ে যায় সবকিছুতেই। ধোঁকা দেয়াই যখন খেলা, তখন এ খেলায় কে জেতে কে হারে বলা কঠিন। ছয় পর্বের সিরিজ ওভারট্রাম্পের গল্পটা এমনই।