শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। বাবা ও মেয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি। কিছুদিন আগে জানা গিয়েছিল এতে বাবার চরিত্রে দেখা গুণী অভিনেতা আফজাল হোসেন আর মেয়ের চরিত্রে তাসনিয়া ফারিণকে দেখা যাবে। গত মাসে আফজাল হোসেনকে নিয়ে শুটিং করার কথা থাকলেও অভিনেতা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় শুটিং বন্ধ রাখা হয়। আফজাল হোসেন সুস্থ হয়ে বাসায় ফিরলেও এখনই শুটিং না করে বরং বিশ্রাম নিচ্ছেন। তাই ওয়েব ফিল্মটিতে তার পরিবর্তে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। বিষয়টি জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন।
এ নিয়ে নির্মাতা বলেন, ‘আফজাল ভাই শারীরিকভাবে এখন সুস্থ, কিন্তু উনাকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক। যেহেতু আমার কাজটা শেষ করতে হবে দ্রুত, তিনি পরামর্শ দিলেন অন্য কাউকে নিয়ে কাজটা করতে। এখন তার পরিবর্তে শহীদুজ্জামান সেলিমকে চূড়ান্ত করেছি। তিনিই বাবার চরিত্রটি করবেন। তাড়াহুড়ো না থাকলে একটু দেরি করে হলেও আফজাল ভাইকে নিয়েই কাজটা করার ইচ্ছে ছিল। কিন্তু সেটা হলো না। তাকে নিয়ে কাজ করার একটা আফসোস রয়ে গেল। আশা করি, সামনেই হয়তো নতুন কোনো কাজে তাকে পাব।’
গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় বাবা, সামওয়ান ফলোয়িং মি ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। এরপর গত ৫ সেপ্টেম্বর থেকে দেশে শুটিং করার কথা থাকলেও হঠাৎ করে আফজাল হোসেন অসুস্থ হয়ে যাওয়ায় সেটি বাতিল করা হয়। ওয়েব ফিল্মটিতে শহীদু্জ্জামান সেলিম ছাড়া আরো অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, ইরফান সাজ্জাদ, সোহেল মণ্ডল প্রমুখ। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্লাটফর্ম বিঞ্জের জন্য।
বর্তমান সময়ে ওটিটি প্লাটফর্মে নিয়মিত কাজ করছেন শিহাব শাহীন। এর মধ্যে অন্যতম ‘সিন্ডিকেট’ ও ‘মায়াশালিক’। সর্বশেষ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজ দিয়ে আলোচিত হয়েছিলেন এ নির্মাতা।










