বলিউড অভিনেত্রী সানি লিওনি কি ঢাকায় এসেছেন? আজ বিকেল পাঁচটার পর নিজের ভ্যারিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে একটি ছবি শেয়ার করেন ভারতীয় এ তারকা। বিমানবন্দরে তোলা সেই ছবিতে ভি-চিহ্ন দেখানো সানি লিওনির মাথার ওপরে দেখা যায় ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন- সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি। হ্যাশট্যাগ দিয়ে লেখা রয়েছে, বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম।

পরে আরেকটি ছবি পোস্ট করেন এই তারকা। যাতে তাকে দেখা গেছে সংগীতশিল্পী তাপস ও স্বামী ড্যানিয়েলের সঙ্গে। ক্যাপশনে লিখেছেন, ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত। এ ক্যাপশনে তিনি ট্যাগ করেছেন সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের সিইও তাপসের ইনস্টাগ্রাম আইডি।

মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। গণমাধ্যমকর্মীরা খবরের সত্যতা যাচাইয়ে ব্যস্ত হয়ে পড়েন। তাপস ফোন রিসিভ করছে না। গান বাংলার গণযোগাযোগের দায়িত্বে থাকা আব্দুল্লাহ ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় শুনে সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন। এরপর আর ফোন ধরেননি।

এর কিছুক্ষণ পরেই সানি লিওনির স্বামী ড্যানিয়েল ওয়েবার বিমান থেকে নামার পর একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায় স্বামীসহ সাতজন ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। ড্যানি ছবির ক্যাপশনে লেখেন ‘পার্টি টাইম’। হ্যাশট্যাগে লেখেন, ‘ঢাকা’, ‘বাংলাদেশ’।

এর আগে সানি লিওনিসহ ‘সোলজার’ চলচ্চিত্রের ১১ জন অভিনয়শিল্পী, কলাকুশলীকে ভারত থেকে বাংলাদেশে আসার ওয়ার্ক পারমিট দেয় সরকার। পরে শুধু সানি লিওনির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। গতকাল বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ভারত থেকে সানি লিওনিসহ ১১ জন অভিনয়শিল্পী ও কলাকুশলীকে বাংলাদেশে ওয়ার্ক পারমিট প্রদান করা হয়। অনিবার্য কারণে অভিনেত্রী করন জিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট নির্দেশক্রমে বাতিল করা হলো। তবে এমন সরকারি সিদ্ধান্তের এক দিনের মাথায় সানি লিওনির ঢাকায় পা রাখার বিষয়টি বিস্ময় জাগিয়েছে সবার মনে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘সোলজার’ ছবির কাজে তার এই সফর নয়। বিষয়টি নিয়ে ছবির প্রযোজক সেলিম খান বলেন, ‘আমার ছবির কাজ বন্ধ করে দিয়েছি। সানি আমাদের সঙ্গে কাজ করছেন না। অন্য কারো জন্য এসেছেন কিনা- খোঁজ নিয়ে দেখতে পারেন।’

সেই খোঁজ নিয়ে জানা যায়, সানির এবারের সফর অনেকটাই পারিবারিক রেশ ধরে। টিএম রেকর্ডসের ব্যানারে তাপস-মুন্নী দম্পতির উদ্যোগে দুটো মিউজিক ভিডিওতে কাজ করেন সানি লিওনি। সেই সুবাদে দারুণ সম্পর্ক গড়ে ওঠে তাপস-মুন্নী ও সানি-ড্যানিয়েল দম্পতির সঙ্গে। গান দুটি যথাক্রমে তাপসের গাওয়া ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ ও ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’।

তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ কৌশিক হোসেন তাপস। তবে গান বাংলার মুখপাত্র রুদ্র হক বলেন, সানির সঙ্গে গান বাংলার একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে। তারা আগেও এভাবে এক হয়েছেন নানা কাজে। এদিকে গতকাল সানির ঢাকা আগমন নিয়ে ভিসা বাতিলের খবরও এসেছে। সব মিলিয়ে আসলে এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না। সানি ঢাকায় আসলেই এসেছেন কি না, সেটি নিশ্চিত করতে আরও কিছুটা সময় চেয়ে নিচ্ছি।