নামকরা সব পরিচালক ও তারকাদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) ফ্রান্সের কান শহরে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। একটু দেরিতে শুরু হওয়া এবারের উৎসবে নারী পরিচালকদের উপস্থিতি থাকছে লক্ষণীয় তাছাড়া এবারের আসর মেতে উঠবে হ্যারিসন ফোর্ড অভিনীত ইন্ডিয়ানা জোনস সিরিজের নতুন সিনেমা ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’র প্রদর্শনীতে। এটাই হ্যারিসন ফোর্ডের শেষ অভিনয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি বিখ্যাত পরিচালক মার্টিন স্করসেসের পরিচালনায় দীর্ঘদিন ধরে নির্মিত সিনেমা ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ বিশেষ আকর্ষণের দাবিদার। ১৯২০-এর দশকে ওকলাহোমার তেলসমৃদ্ধ আমেরিকান আদিবাসীদের ওসেইজ নেশনে ধারাবাহিক হত্যাকাণ্ড নিয়ে নির্মিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো ও লিওনার্দো ডি-ক্যাপ্রিও।
বিশ্বের অন্যতম সম্মানজনক কান চলচ্চিত্র উৎসব সবসময় খ্যাতনামা পরিচালক ও তারকাদের কাজ এবং নব্য চলচ্চিত্র পরিচালকদের মাঝে ভারসাম্য বজায় রাখে। সে হিসেবে এবারো লাল কার্পেটের জমকালো আয়োজনে নবীন-প্রবীণ সবাইকেই দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এবারের আসরে থাকছে বেশকিছু বাণিজ্যিক চলচ্চিত্র। এর মধ্যে আছে সিলভেস্টার স্ট্যালন অভিনীত ‘ক্লিফহ্যাঙ্গার’, টড হায়েনস পরিচালিত নাটালি পোর্টম্যান ও জুলিয়ানা মুর অভিনীত রোমান্টিক সিনেমা ‘মে ডিসেম্বর’ এবং ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ও স্কারলেট জনসন, টম হ্যাঙ্কস, মার্গোট রবি ও অ্যাডওয়ার্ড নর্টন অভিনীত ‘অ্যাস্টেরয়েড সিটি’।
পুরুষের তুলনায় বলা যায় তরুণ নারী চলচ্চিত্রকারের অংশগ্রহণ এবার বেশি। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন ইতালিয়ান পরিচালক অ্যালিস রোরওয়াচার তার ‘লা চিমেরা’ নিয়ে। আরো আছেন ক্যাথেরিন কর্সিনি। তিনি এসেছেন তার ‘হোমকামিং’ চলচ্চিত্রটি নিয়ে। ফরাসি পরিচালক মাইওয়েনের ‘জ্যন দ্যু বারি’ও থাকছে পর্যবেক্ষকদের আগ্রহে। এ সিনেমায় জনি ডেপ ফরাসি রাজা ষোড়শ লুইয়ের চরিত্রে অভিনয় করেছেন।
এছাড়া আরো দুজন নারী পরিচালকের বদৌলতে দুটি আফ্রিকান চলচ্চিত্র যুক্ত হয়েছে এবারের উৎসবে। তিউনিসিয়ার কাউসার বিন হানিয়ার নির্মিত ডকুমেন্টারি ও কল্পকাহিনীর মিশ্রণে ‘ফোর ডটার্স’ এবং সেনেগালের রামাতা তুওলা সিয়ের ‘বানেল ও আদামা’ এ প্রতিযোগিতায় সম্মানজনক পুরস্কার পাওয়ার দাবি রাখে। চলচ্চিত্র উৎসবটির পরিচালক থিয়েরি ফ্রিমোঁ এটাকে ‘একটি নতুন প্রজন্মের উত্থান’ বলে অভিহিত করেছেন, বিশেষ করে উত্তর ও পশ্চিম আফ্রিকার নারীদের কথা উল্লেখ করে।
সূত্র: ফ্রান্স টোয়েন্টিফোর










