হলিউডের স্বনামখ্যাত নির্মাতা ডেভিড লিঞ্চ। তিনি অনেক দিন ধরেই সিনেমা নির্মাণ করছেন। ৭৮ বছর বয়স তার। এর মধ্যে দিয়েছেন ‘ডুন’ (১৯৮৪), ‘ব্লু ভেলভেট’ (১৯৮৬), ‘টুইন পিকস’-এর মতো জনপ্রিয় সিনেমা। আরো আছে ‘মুলহল্যান্ড ড্রাইভ’-এর মতো কাল্ট ক্ল্যাসিক। সোমবার তিনি জানালেন, এখনই তার অবসর নেয়ার কোনো চিন্তা নেই। তিনি সম্প্রতি এম্ফিসেমা নামের রোগে আক্রান্ত হয়েছেন। এটি তার ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু তার পরও সিনেমা থেকে অবসর নেয়ার কোনো সম্ভাবনা নেই।

নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমার এম্ফিসেমা আছে। কেননা দীর্ঘদিন আমি ধূমপান করেছি।’ এ কথা প্রকাশ করে তিনি আরো লেখেন, ‘আমি তা পছন্দ করতাম, কিন্তু এর জন্য আমাকে মূল্য দিতে হয়েছে। আমি এম্ফিসেমা রোগে আক্রান্ত হয়েছি।’ তিনি আরো জানান, গত দুই বছর তিনি ধূমপান থেকে বিরত আছেন এবং এ কারণে ভালো বোধ করছেন।

সিনেমার ক্ষেত্রে লিঞ্চের ভাবনা কী তাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি এ মুহূর্তে বেশ আনন্দে আছি আর কোনো রকম চিন্তা নেই এখনই অবসর নেয়ার। তবে আপনারা আমার জন্য যত চিন্তা করছেন, তা দেখেও আমি আনন্দিত।’

ডেভিড লিঞ্চ এ সময় কোন সিনেমা নিয়ে কাজ করছেন তা নিয়ে তেমন কিছু প্রকাশ করেননি। এ নির্মাতা সিনেমা নির্মাণে নিজের এক ধরনের সিগনেচার তৈরি করেছেন। সিনেমার জন্য একাধিকবার পেয়েছেন অস্কার মনোনয়ন।

সূত্র: ইয়ন