জনপ্রিয় সিরিজ পিকি ব্লাইন্ডার্সের ষষ্ঠ মৌসুম মুক্তির তারিখ ঘোষণা করা হলো। কিলিয়ান মারফি অভিনীত সিরিজটির পরবর্তী, অর্থাৎ ষষ্ঠ মৌসুম ১০ জুন নেটফ্লিক্সে মুক্তি দেয়া হবে। পাশাপাশি দর্শকরা হয়তো জানে এ মৌসুমের মধ্য দিয়েই সিরিজের ইতি টানা হবে। অবশ্য আরেকটি আশাজাগানিয়া তথ্য হলো, পিকি ব্লাইন্ডার্সের গল্পের ওপর ভিত্তি করে একটি সিনেমা নির্মাণের কথা রয়েছে। সিনেমাটির কাজ ২০২৩ সালে শুরু করার পরিকল্পনা রয়েছে।
পিকি ব্লাইন্ডার্সের সঙ্গে দর্শকদের পাশাপাশি এ সিরিজে কাজ করা অভিনেতা-অভিনেত্রীদেরও নানা আবেগ জড়িয়ে আছে। ষষ্ঠ মৌসুমে তাদের একটা বিষয় নিয়ে কিছুটা দুঃখবোধ থাকবে, কেননা এ সিজনে আন্ট পলিকে দেখা যাবে না। চরিত্রটিতে অভিনয় করা হেলেন ম্যাকরনি ক্যান্সার আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিলে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিয়ে কিলিয়ান মারফিও বিষাদগ্রস্ত। ভ্যারাইটির সঙ্গে সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এ মৌসুম তার প্রতি সম্মান জানানোর মাধ্যম হয়ে উঠতে পারে। সিরিজে তার অভিনয়ের পাশাপাশি আমাদের মধ্যে তার উপস্থিতি যেন এখনো জীবন্ত হয়ে আছে। তার অভাব প্রচণ্ডভাবে অনুভূত হবে।’
চলমান সময়ে নানা কারণে অন্যান্য সিনেমা ও সিরিজের মতো পিকি ব্লাইন্ডার্সও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। এসবের মধ্যেও শেষ মৌসুম নিয়ে মারফি অনেকটা আশাবাদী। তিনি বলেন, অতিমারী ও অন্যান্য সমস্যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এর মধ্যে হেলেনের চলে যাওয়াও অনেকটা প্রভাবিত করেছে। আমি মনে করি, এ মৌসুম সিরিজের সেরা হবে, কেননা আমরা উন্নতি করার চেষ্টা করেছি। বিগত মৌসুমের তুলনায় উন্নতি করে আরো গভীর ও সমৃদ্ধ হওয়ার চেষ্টা রয়েছে এখানে।’
পিকি ব্লাইন্ডার্স ও কিলিয়ান মারফি রীতিমতো একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে। বলা যায় পিকি ব্লাইন্ডার্স বললেই টমি শেলবির চেহারা ফুটে ওঠে। ওদিকে টম হার্ডি, জো কোল, পল অ্যান্ডারসন ও অন্যদের নিয়ে সিরিজটি দর্শকদের কাছে শুরু থেকেই তুমুল জনপ্রিয়। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত সিরিজটির জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। এর আরেকটি কারণ সিরিজে চিত্রায়িত চরিত্র এবং সময়ের যথাযথ উপস্থাপন। পরিচালক হিসেবে স্টিভেন নাইট কাজটিতে পুরোপুরি সফল। এ কারণেই আইএমডিবিতে সিরিজটি ৮.৮ রেটিং নিয়ে টিভি সিরিজের মধ্যে সগর্বে অবস্থান করছে।
মারফির অভিনয় প্রতিভা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তিনি এখন ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার নিয়ে ব্যস্ত থাকছেন। কৌতূহলোদ্দীপক বিষয় হলো, পিকি ব্লাইন্ডার্সের পঞ্চম ও ষষ্ঠ মৌসুমে তিনি সহ-প্রযোজক হিসেবে আছেন। সেদিক থেকে বলা যায়, সিরিজের এ দুই মৌসুমে তার দায়িত্ব আরো বেশি। সেখান থেকেই মারফি বলেন, ‘আমরা এ মৌসুমকে আরো বিশেষ করে তোলার জন্য কঠোর পরিশ্রম করেছি। আশা করি, দর্শকরাও মুগ্ধ হবেন।’
সূত্র: ভ্যারাইটি










