গত বছর এমন সময় অস্কার আসরে উইল স্মিথের থাপ্পড় কাণ্ড নিয়ে হইচই হচ্ছিল গণমাধ্যমে। সেসব পেছনে ফেলে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এ তারকা। গত এক বছর নিজেকে মিডিয়ার শোরগোলের বাইরে রেখেছেন স্মিথ। এ সময়টায় ক্যামেরার সামনেও দাঁড়াননি। এবার নিজেকে প্রস্তুত করছেন সনির ব্যাড বয়েজ ফোরের জন্য। আরো আছে নেটফ্লিক্সের ফাস্ট অ্যান্ড লুজ।
নতুন সিনেমা দুটি স্মিথের শেষ দুটো সিনেমা থেকে ভিন্ন মেজাজের। তার শেষ দুটো সিনেমা ওয়ার্নার ব্রসের কিং রিচার্ড ও অ্যাপলের এমানসিপেশন ছিল অনেকটা অ্যাওয়ার্ড কনটেস্টের জন্য, বক্স অফিসে ঝড় তোলার মতো নয়। হয়েছিলও তাই, টিকিট বিক্রি মোটামুটি হলেও স্মিথ কিং রিচার্ডের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন। এমানসিপেশন অবশ্য এমন কোনো সফলতা পায়নি। যদিও এ সিনেমায় অভিনয়ের জন্য স্মিথ নিয়েছেন ৩ কোটি ৫০ লাখ ডলার।
দুনিয়ার সবচেয়ে দামি তারকাদের একজন হলেও অস্কারের থাপ্পড় কাণ্ডের পর পরিচালক-প্রযোজকরা উইল স্মিথকে নিয়ে দ্বিধায় ছিলেন, তা নিয়ে সন্দেহ নেই। দুনিয়ার বড় একটি স্টুডিওর উচ্চপদের একজন কর্মকর্তা ভ্যারাইটিকে বলেছেন, ‘সবাই অপেক্ষায় ছিলেন, কে আগে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবেন, সেটা দেখার জন্য।’ অর্থাৎ কে তাকে নতুন কাজের জন্য চুক্তিবদ্ধ করবেন। থাপ্পড় কাণ্ড দিয়ে ইন্ডাস্ট্রিতে স্মিথের চাহিদা কমে গিয়েছিল সত্য, তবে সেটা খুব অল্প সময়ের জন্যই। সে ঘটনার মাসখানেক আগেই তিনি নেটফ্লিক্সের সঙ্গে ফাস্ট অ্যান্ড লুজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু থাপ্পড় কাণ্ডের পর নেটফ্লিক্স সুতোয় ঢিল দিতে থাকে, শুটিং স্থগিত রাখে। এরপর সনি ব্যাড বয়েজ ফোরের জন্য স্মিথকে চুক্তিবদ্ধ করার পর পরই তারা শুটিং শুরুর সিদ্ধান্ত নেয়। ফাস্ট অ্যান্ড লুজ বড় বাজেটের অ্যাকশন থ্রিলার। এতে দেখা যাবে, বড় একটি অপরাধী সংগঠনের প্রধান আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন। অবস্থাদৃষ্টে মনে হয়েছে, নেটফ্লিক্স স্মিথকে নিয়ে শুটিং শুরু করা প্রথম স্টুডিও তকমা পেতে রাজি ছিল না। এত কিছুর পরও স্মিথের পারিশ্রমিকে বড় হেরফের হয়নি। ব্যাড বয়েজ ফোর ও ফাস্ট অ্যান্ড লুজের জন্য কমপক্ষে আড়াই কোটি ডলার করে পাবেন তিনি।
গত এক বছরে উইল স্মিথ খুব একটা প্রকাশ্যে আসেননি। ব্যাড বয়েজ ফোরের পরিচালক আদিল এল আরবির বিয়েতে গিয়েছিলেন মরক্কোয় গত বছর আগস্টে। সে সময় এল আরবি স্মিথকে পরামর্শ দিয়েছিলেন সোশাল মিডিয়া থেকে দূরে থাকতে।
সূত্র: ভ্যারাইটি









