ছোট পর্দার পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। বড় পর্দায়ও বিচরণ তার। ওয়েব দুনিয়ায়ও যাতায়াত চলে এ অভিনেত্রীর। প্রতি বছর ঈদেই নাটক নিয়ে ব্যস্ততা থাকে স্পর্শিয়ার। তবে এবারের ঈদটা ছিল ভিন্ন। কারণ এবারের ঈদে কোনো নাটকে অভিনয় করেননি স্পর্শিয়া। তিনি ব্যস্ত ছিলেন ওয়েব মাধ্যম নিয়ে। ওটিটিতে মুক্তি পেয়েছে স্পর্শিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘এখানে নোঙর’। একই সঙ্গে ওয়েব সিরিজ ‘ওপেন কিচেন’ স্ট্রিমিং হয়েছে।

ওয়েবের কাজে ব্যস্ত থাকার কারণে এবার ঈদের কোনো টেলিভিশন নাটকে কাজ করতে পারেননি স্পর্শিয়া। তিনি বলেন, ‘এবার ঈদ উপলক্ষে ওয়েবের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। তাই নাটকের কাজ করা হয়নি। আর আমি এমনিতেই কাজ কম করি, বেছে বেছে পছন্দমতো কাজ করার চেষ্টা করি। মন সায় না দিলে সে কাজ করি না।’

‘এখানে নোঙর’ ওয়েব ফিল্মটি ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে আরটিভিতে। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। ওয়েব ফিল্মটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এখানে নোঙরের গল্পটা খুব ভালো লেগেছিল। এটা কোনো জটিল গল্প নয়। বরং একেবারেই সাধারণ কমার্শিয়াল ধাঁচের গল্প। তবে এ গল্পে থ্রিলার আছে, যেটা দর্শককে শেষ পর্যন্ত আটকে রেখেছে।’ 

এ ওয়েব ফিল্মে প্রথমবার স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার নায়ক আদর আজাদ। সহশিল্পী প্রসঙ্গে স্পর্শিয়া জানান, ‘আদরের সঙ্গে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, সে কাজের প্রতি খুব ডেডিকেটেড। খুব ভালো করেছে।’ ওয়েব ফিল্মটিতে শুটিং অভিজ্ঞতা জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘সিনেমার পরিচালক মেহেদী রনি আমার পুরনো বন্ধু। তার সঙ্গে এর আগে বড় পর্দায় কাজ করেছি। সে তখন সিনেমাটোগ্রাফার ছিল। তখন থেকেই তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। এবার তার পরিচালনায় কাজ করলাম। গল্পটি যেমন ভালো, তেমনই সময় নিয়ে খুব যত্ন নিয়ে কাজটি করেছে নির্মাতা। শুটিং হয়েছে মানিকগঞ্জে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে কাজটি করতে হয়েছে। ইউনিটের সবারই অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল ঠাণ্ডায়।’

অন্যদিকে বঙ্গতে মুক্তি পেয়েছে স্পর্শিয়া অভিনীত রোমান্টিক কমেডি ধাঁচের সিরিজ ‘ওপেন কিচেন’। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন টয়া, শাওন, তামিম মৃধা, আরশ খান। সিরিজটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘অনেক দিন পর পুরনো বন্ধুদের সঙ্গে কাজ করলাম। অনেক আনন্দ নিয়েই কাজ করেছি। গল্পটি তিন বন্ধুকে নিয়ে। পরে তাদের সঙ্গে আরো দুজন যুক্ত হয়।’

২০১১ সালে স্পর্শিয়া প্রথম অভিনয় করেন সামির আহমেদের পরিচালনায় ‘অরুণোদয়ের তরুণদল’ টেলিছবিতে। বড় পর্দায় স্পর্শিয়ার অভিষেক হয় ‘আবার বসন্ত’ সিনেমার মধ্য দিয়ে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০১৯ সালে। এরপর একই বছরে মুক্তি পায় ‘কাঠবিড়ালি’ ও ‘‌ইতি তোমার ঢাকা’ সিনেমা দুটি। অন্যদিকে স্পর্শিয়ার অভিনীত ‘ফিরে দেখা’ ও ‘ক্ষমা নেই’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়।