অক্টোবরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনায় আছে সৃজিত মুখার্জির ‘‌দশম অবতার’। সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। অন্যদিকে আরেকটি সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। দক্ষিণ ভারতের এ সিনেমার নাম ‘‌টাইগার নাগেশ্বর রাও’। এতেও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। দুটোতেই খল চরিত্র। এ নিয়ে বর্তমানে যীশুর ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী। অথচ দীর্ঘ সময় তিনি নিজেকে নিয়ে নিরীক্ষা করার কোনো সুযোগই পাননি।

একটা সময় ছিল যখন কলকাতার সিনেমায় যিশু সেনগুপ্ত ছিলেন সাইডলাইনে। দীর্ঘ ক্যারিয়ার তার, কিন্তু নির্মাতারা তাকে প্রধান চরিত্রে নিতেন না। অনেকে এর পেছনে পায় ঋতুপর্ণের সিনেমার প্রভাব। কেননা আবহমান ও চিত্রাঙ্গদায় অসাধারণ অভিনয় করলেও যিশুর চরিত্রগুলো ছিল কোমল। বলা যায়, সৃজিতের সিনেমা দিয়েই উত্তরণ হয়েছে তার।

সৃজিত তাকে নিয়ে নির্মাণ করেছিলেন জাতিস্মর। তবে সেখানেও ঋতুপর্ণর সিনেমার সেই কোমল ভাবটা ছিল রোহিতের মধ্যে। কিন্তু তার পরই খোলনলচে পাল্টে গেল। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘‌রাজকাহিনী’তে তাকে দেয়া হয়েছিল একটি ক্যামিও। কিন্তু দুই-তিন মিনিটের এ ক্যামিওই বদলে দিয়েছিল যিশুকে। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘‌জুলফিকার’ সিনেমায় তিনি ছিলেন কাশীনাথ কুণ্ডু—শেকসপিয়ারের ক্যাসিয়াস। আরেকটি তুখোর খল চরিত্র। এরপর থেকেই যিশুর সেই পুরনো ইমেজ ভেঙে তাকে খোলস থেকে বের করেছিলেন অনেকে।

‘‌উমা’র যিশু একজন বাবা, কিন্তু এরপর আরেকটি ব্রেক যিশুর ক্যারিয়ারই বদলে দেয়। ২০১৮ সালে সৃজিত মুখার্জি নির্মাণ করেন ‘‌এক যে ছিল রাজা’। ভাওয়াল রাজার ঘটনা নিয়ে নির্মিত সিনেমায় মহেন্দ্রকুমারের চরিত্রে অভিনয় করেন যিশু। এরপর আর ফিরে তাকাতে হয়নি। কলকাতার বাইরে বলিউডে অভিনয় করেছেন। হটস্টারের ‘‌ক্রিমিনাল জাস্টিস’ সিরিজে ছিলেন। সর্বশেষ তাকে দেখা গেল রবি তেজা অভিনীত টাইগার নাগেশ্বর রাওতে। এখন কথা চলছে দশম অবতারের বিশ্বরূপ নাকি টাইগারের সিআই মৌলি—কোন চরিত্রে ভালো করলেন যিশু।

টাইগার নাগেশ্বর রাও সত্তরের দশকের অন্ধ্রপ্রদেশের এক দুর্ধর্ষ ডাকাতকে ঘিরে বিভিন্ন জনশ্রুতি অবলম্বনে তৈরি। নাম ভূমিকায় তেলেগু সুপারস্টার রবি তেজা। পর্দায় শুরু থেকে শেষ পর্যন্ত তারই বন্দনা। সিনেমায় আছে একাধিক খল চরিত্র, যার মধ্যে যিশু অভিনীত পুলিশ অফিসার মৌলি অন্যতম। সিনেমায় তার স্ক্রিন টাইম দশম অবতারের তুলনায় কম। কিন্তু এরই মধ্যে নিজের উপস্থিতি ও অভিনয়গুণ প্রমাণ করেছেন এ অভিনেতা। বিশ্বরূপ যেমন শান্ত, মৌলি তা নয়। সে অশান্ত ও কুটিল। বিশ্বরূপ হিসাবি। দশম অবতারের শেষে বিশ্বরূপের জন্য আফসোস হতে পারে, কিন্তু মৌলির জন্য তা হয় না। দুই ধরনের চরিত্রেই নিজের সেরাটা দিয়ে অভিনয় করেছেন যিশু। বলা যায়, এবার পুরনো সব চরিত্র পেরিয়ে নতুন অবতারেই হাজির হয়েছেন তিনি।