জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি এ অভিনেত্রী তার আসন্ন ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন। ওয়েব ফিল্মের নাম ‘নিকষ’। রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। দুই বোনের গল্প নিয়ে এগিয়েছে এ ওয়েব ফিল্মের গল্প। 

এক বাড়িতে থাকে দুই বোন। একসঙ্গে তাদের বসবাস হলেও তারা যেন দুজন ভিন্ন দুই গ্রহের বাসিন্দা। একজন সংসার আর সম্পর্ক আগলে রাখতে চায়। অন্যজন ছুটে যেতে চায় ঝলমলে চোরাবালির দিকে। এ ছুটে যাওয়ার মধ্যেই ঘটে যায় অনেক কিছু, আলগা হয়ে আসে সম্পর্কের বন্ধনগুলো। দুই বোনকেই মুখোমুখি হতে হয় নিকষ কালো অন্ধকারের। যার ভেতর ডুবে গেলে আর কখনই ফেরা সম্ভব নয়, জীবনের স্বাভাবিক আলোয়। এ নিয়েই এগিয়েছে ওয়েব ফিল্মটির গল্প। 

নির্মাতা জানিয়েছেন, আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনের গল্প নিয়ে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে আসছে ফিল্ম নিকষ। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসরাত জাহান হিৃদিকাসহ আরো অনেকে। 

কলকাতার জনপ্রিয় নির্মাতা অতনু ঘোষের হাত ধরে ফারিণের রুপালি দুনিয়ায় অভিষেক হয়েছে সম্প্রতি। ৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফারিণের ‘‌আরো এক পৃথিবী’। তার প্রথম সিনেমার প্রচারণার জন্য তাসনিয়া ফারিণ বেশ কয়েকদিন হলো কলকাতায় অবস্থান করছেন। লন্ডনের ৩০টিরও বেশি লোকেশনে আরো এক পৃথিবীর শুটিং হয়েছে। 

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ ছিলেন মূল চরিত্র। এ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দুই বাংলায়। সর্বশেষ কারাগার ওয়েব সিরিজে দেখা গেছে তাসনিয়া ফারিণকে।