সময়টা ভালো যাচ্ছে মার্কিন তারকা পিটবুলের। এমন পরিস্থিতিতে সামনে এল ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে হওয়া চুক্তি। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামটি আগামী পাঁচ বছর ‘পিটবুল স্টেডিয়াম’ হিসেবে পরিচিতি পাবে। পিটবুলের সঙ্গে হওয়া পাঁচ বছর মেয়াদি চুক্তি অনুষ্ঠিত হওয়ার পর উভয় পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চুক্তি অনুসারে, পিটবুল প্রতি বছর ১২ কোটি ডলার দেবেন প্রতিষ্ঠানটিকে। এছাড়া ইউনিভার্সিটির স্পোর্টস ইভেন্টগুলোর জন্যও রচনা করে দেবেন একটা গান। চুক্তির মেয়াদ শেষ হলে পাঁচ বছর পর তিনি চুক্তিটিকে নবায়নও করতে পারবেন। 

পিটবুল একটা বিবৃতিতে বলেছেন, ‘আমরা যা করছি, তা যুগান্তকারী। ইতিহাস তৈরি করছি। পরবর্তী সময় দেখা যাবে, অনেক বিশ্ববিদ্যালয়ই এটা করতে চাইবে। কিন্তু পার্থক্য হলো, আমরা এটা প্রচারণা হিসেবে করছি না। করছি হৃদয় থেকে, বিষয়টিকে অর্থপূর্ণ মনে করে।’

২০ হাজার সিট বিশিষ্ট ফ্লোরিডা স্টেডিয়ামটিকে পিটবুল বছরে ১০ দিন নিজে ব্যবহার করতে পারবেন। পিটবুলের ভোদকা কোম্পানি ভোলি ৩০৫ ভোদকাও সেখানে পাওয়া যাবে সবসময়। চুক্তিটিকে দুই পক্ষের জন্যই লাভজনক হিসেবে দেখছেন এফআইইউর পরিচালক স্কট কার। তিনি বলেন, এফআইইউর ক্রীড়া ইতিহাসে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। একজন বিশ্বখ্যাত সংগীত তারকা আর তার সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করাটা গুরুত্বপূর্ণ। পিটবুলের অর্থনৈতিক সহযোগিতাও দারুণভাবে উপকৃত করবে। পাশাপাশি তার জন্যও হবে সুবিধাজনক। এর চেয়ে বড় সুখবর এ মুহূর্তে আর কী আছে! 

সূত্র: ভ্যারাইটি