প্রখ্যাত মার্কিন কণ্ঠশিল্পী, গীতিকার ও অভিনেত্রী মাইলি সাইরাস জেমস ক্যামেরনের আসন্ন চলচ্চিত্র ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর জন্য গেয়েছেন নতুন মৌলিক গান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই খবরটি জানিয়েছেন সাইরাস। এ গানের মাধ্যমে সাইরাস ফিরছেন তার নবম স্টুডিও অ্যালবামে। অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজিতে সাইরাসের যোগদান হচ্ছে সর্বশেষ তারকা হিসেবে।
এর আগে ২০০৯ সালের মূল অ্যাভাটার সিনেমার থিম সং গেয়েছিলেন লিওনা লুইস।
এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত বক্স অফিস হিট সিনেমাগুলোর অন্যতম ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। এটি আগামী ১৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক জেমস ক্যামেরন জানিয়েছেন, ‘ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ২০২২ সালের ‘দ্য ওয়ে অব ওয়াটার’-এর চেয়েও দীর্ঘ হবে। সিনেমাতে অভিনয় করছেন সিরিজের পরিচিত মুখ স্যাম ওয়ার্থিংটন, জোয়ি সালদানা ও সিগোরনি উইভার।’
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি পোস্টে গানটির সংক্ষিপ্ত অংশ শেয়ার করে মাইলি সাইরাস জানান, জনপ্রিয় সংগীত প্রযোজক মার্ক রনসন ও অ্যান্ড্রু ওয়ায়াটের সঙ্গে মিলে নিজেই গানটি লিখেছেন। তবে গানটির শিরোনাম এখনো প্রকাশ করা হয়নি।
সাইরাস আরো লেখেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে ছাই থেকে উঠে দাঁড়ানোর অভিজ্ঞতা আমার জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছে। তাই প্রকল্পটি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ, জেমস—এ অভিজ্ঞতাকে সংগীতের মাধ্যমে রূপ দেয়ার সুযোগের জন্য। চলচ্চিত্রটির ঐক্য, ও ভালোবাসার থিমগুলো আমার আত্মার গভীরে অনুরণিত হয়। আর অ্যাভাটার পরিবারের বিশাল মহাবিশ্বে ক্ষুদ্র এক নক্ষত্র হতে পারাটাই আমার কাছে অন্য রকম স্বপ্নপূরণ।’
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, অ্যাভাটার সিরিজে মাইলির অংশগ্রহণ এক নতুন মাত্রা আনবে। অনেকেই মনে করছেন, গানটি আগামী অস্কারে ‘সেরা মৌলিক গান’ বিভাগে মনোনয়ন সম্ভাবনা তৈরি করবে। মাইলি সাইরাসের মতো বহুমাত্রিক শিল্পীর যুক্ত হওয়ায় ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রতি দর্শকদের আগ্রহ আরো বৃদ্ধি পেয়েছে।
সূত্র: হলিউড রিপোর্টার










