রিভিউ ভালো না হলেও বক্স অফিসে পিছিয়ে নেই বিজয়ের লিও। সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ২০০ কোটি রুপি। ১৯ অক্টোবর মুক্তি পায় লোকেশ কনগরাজ পরিচালিত এ সিনেমা। বক্স অফিস বিশ্লেষক সংস্থা সাচনিল্কের দেয়া তথ্যানুসারে সিনেমাটি তিনদিনে ভারতে আয় করেছে প্রায় ১৪০ কোটি রুপি। সিনেমাটি শুরুতে ঘরের বাজারে ৬৪ কোটি রুপি আয় করে প্রথম দিনে। দ্বিতীয় দিনে এর আয় অনেকটাই কমে গেছে। দ্বিতীয় দিনে আয় ৩৫ কোটি রুপি। কিন্তু শনিবার আবার এর আয় বাড়ে। মূলত ছুটির দিনের সঙ্গে এর আয় বেড়েছে। বৃহস্পতিবার সিনেমা মুক্তির কারণে প্রথম দিনের শোয় দর্শক ছিল বেশি। এরপর শুক্রবার কমে যায়। শনিবার আবার বাড়ে দর্শক সংখ্যা।

ভারতের বাইরেও সিনেমাটি ভালো আয় করছে। তিনদিন পর এর বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ২০০ কোটি রুপির মতো। তৃতীয় দিন সিনেমাটি আয় করেছে প্রায় ৪০ কোটি রুপি। লিও এর মাধ্যমে কেবল দক্ষিণ ভারত বা তামিল সিনেমাই নয়, ভারতের সিনেমা হিসেবেও ভালো আয় করেছে। ওপেনিংয়ে রীতিমতো রেকর্ড করেছে সিনেমাটি।

লোকেশের সঙ্গে বিজয়ের জুটি দর্শক পছন্দ করেন। এর মধ্যে তারা ২০২১ সালে নির্মাণ করেছিলেন মাস্টার। সিনেমাটির কিছু বিষয়ে দুর্বলতা থাকলেও দর্শক পছন্দ করেছিল। এবার লোকেশ তার ইউনিভার্সে কাইথি ও বিক্রমের সঙ্গে যুক্ত করলেন লিওকে। সিনেমায় তা স্পষ্ট।

সূত্র: হিন্দুস্তান টাইমস