৩০ এপ্রিল কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান মেগা কনসার্ট। লাইভ এ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে সেখানে থাকা বাংলাদেশী মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান দ্য রয়েল আকসা রেস্টুরেন্ট। 

কনসার্টটিতে গান পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নগর বাউল জেমস। বাংলাদেশ থেকে আরো একঝাঁক তারকা অংশ নেবেন মেগা কনসার্টে। তারা হলেন বিদ্যা সিনহা মিম, ববি হক, বেইলি আফরোজ, রিপা, ইজাজ, আরফান, ইউসুফসহ আরো অনেকে।

গত মঙ্গলবার রাত ১০টায় কাতারের দোহা নাজমা দ্য রয়েল আকসা রেস্টুরেন্টে এশিয়ান মেগা কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অনুষ্ঠানটির আয়োজক দ্য রয়েল আকসা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সোহরাব হোসেন সরকার। 

সংবাদ সম্মেলনের পরিচালনা করেন কাতার প্রবাসী সাংবাদিক এমএ সালাম। এতে আরো উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল। 

কাতারের সানাইয়া এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য এ কনসার্টের গেট ওপেন হবে ৩০ এপ্রিল বিকাল ৪টায়। শো শুরু হবে সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরশিয়া আলম।

ভিভিআইপি, গোল্ড ও সিলভারসহ পাঁচ ধরনের টিকিট রাখা হয়েছে অনুষ্ঠানটি উপভোগের জন্য। এর মধ্যে কাতারে বাংলাদেশী মালিকানাধীন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে টিকিট বিক্রি শুরু হয়েছে। 

নগর বাউল জেমসের গান লাইভ দেখার জন্য ১০ হাজারের বেশি কাতার প্রবাসী বাংলাদেশী দর্শক কনসার্টটি উপভোগ করবেন এমনটা আশা আয়োজকদের।