নিজের জন্মদিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন ছবির ঘোষণা দিলেন ঢাকাই চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খান। ‘রাজকুমার’
নামে এ ছবিতে তার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, এ নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে জানা গেল কোর্টনির পরিচয়। তিনি মার্কিন নাগরিক। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা।
তার প্রকৃত নাম কোর্টনি বিসনেট। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। অভিনেত্রী হিসেবে তিনি খুব পরিচিত নন। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন। যুক্ত আছেন থিয়েটারের সঙ্গে। নিউইয়র্কের বাসিন্দা কোর্টনি নিজেকে প্রযোজক হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্ম প্রযোজনা করেছেন তিনি।
‘সামার ইন দ্য সিটি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সহযোগী প্রযোজক ছিলেন। এছাড়া বেশ কয়েকটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে সহযোগী প্রযোজক হিসেবে কাজ করেছেন। শুধু তা-ই নয়, চলচ্চিত্র ও নারীবিষয়ক নানা বিশ্লেষণধর্মী প্রবন্ধও লেখেন তিনি। জানা গেছে, অর্ধশতাধিক মার্কিন অভিনেত্রীর মধ্য থেকে অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন কোর্টনি। বাংলাদেশের শীর্ষ নায়কের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দিত এ মার্কিন অভিনেত্রী। শাকিবের প্রতি মুগ্ধতাও ঝরে তার কণ্ঠে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে ছবির নাম ঘোষণার ওই অনুষ্ঠানে কোর্টনি বলেন, ‘খুবই ভালো লাগছে রাজকুমার সিনেমায় সম্পৃক্ত হতে পেরে। সিনেমার গল্প খুব সুন্দর। আর শাকিব খান গ্রেট অ্যাক্টর। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’
কোর্টনি সম্পর্কে নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘কোর্টনি কফির সঙ্গে আগে কখনো পরিচয় ছিল না। নায়িকা খোঁজার দায়িত্বটা আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম। তারা ৮৭ জনের তালিকা আমাদের প্রথমে দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিনজন নির্বাচিত হন। শেষ পর্যন্ত কোর্টনি কফিই আমাদের সঙ্গে আছেন।’
ছবিটি প্রযোজনা করছে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। জানা গেছে, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ছবির শুটিং শুরু হবে। নিউইয়র্ক ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ চলবে বলে জানিয়েছেন নির্মাতা।
গত বছরের নভেম্বরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু সাড়া পাননি। প্রথমবারের মতো ভিসা পেয়ে আনন্দের কথা জানান। সে সময় জানান, প্রথমবার হলিউডের দেশে ভ্রমণের অনুভূতি তার জন্য বিশেষ।
শাকিব খানের সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দেন দেশের অনেক তারকা। তালিকায় ছিল কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, মানাম আহমেদের মতো কিংবদন্তির নাম। সেই থেকে শাকিব খান অবস্থান করছেন আমেরিকায়। সেখানেই কাটান ইংরেজি নববর্ষ। বছরের শুরুতেই যোগ দেন আরেক অনুষ্ঠানে। ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে পারফর্ম করেছেন তিনি।
তার আগেই নিউইয়র্ক শহর থেকে নিজের প্রযোজনায় নতুন সিনেমার ঘোষণা দেন কিং খান। ১৬তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দেন। তখন শাকিবের সঙ্গে মঞ্চে ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। শাকিব খান জানান, তার নতুন সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। হিমেল আশরাফও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন সিনেমার ঘোষণা দিতে গিয়ে শাকিব খান বলেন, আমাদের বাংলাদেশী সিনেমা দেশের ও বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কভিড না থাকলে এতদিন শুটিং হয়ে এখানে রিলিজও হয়ে যেত। সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশী সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাক। সে লক্ষ্য নিয়ে কাজ করছি। সেই দিন আর বেশি দূরে নয়।
তখন নতুন সিনেমার ঘোষণা নিয়ে পরিচালক হিমেল আশরাফ বলেন, নতুন এ সিনেমার গল্প, চিত্রনাট্য আমার। আগামী বছর একটি ভালো সময়ে সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।










