৯৪তম অস্কারের আসর বসছে কয়েক দিন বাদেই। বিশেষ যে ক্যাটাগরি কিংবা তারকার ওপর পর্যবেক্ষক ও সমালোচকরা এবার নজর রাখছেন, তার মধ্যে আছেন রিজ আহমেদ। ৩৯ বছর বয়সী এ ব্রিটিশ অভিনেতা ও র্যাপার গত বছরের অস্কারে সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন সাউন্ড অব মেটাল সিনেমার জন্য। এবার তার অভিনীত ১৩ মিনিটের শর্ট ফিল্ম দ্য লং গুডবাই সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগের অন্যতম ফেভারিট। এ মনোনয়নের মাধ্যমে রিজ আহমেদ বিশেষ এক ক্লাবের সদস্য হয়েছেন। এর আগে চারজন অভিনেতা সেরা অভিনেতা ও শর্ট ফিল্ম ক্যাটাগরিতে মনোনীত সিনেমায় যুক্ত ছিলেন। এবার পঞ্চম জন হিসেবে এ তালিকায় যুক্ত হলেন রিজ আহমেদ।
দ্য লং গুডবাই প্রযোজনা করেছেন রিজ, একই সঙ্গে তিনি এতে অভিনয়ও করেছেন। একই নামে তার একটি মিউজিক অ্যালবামও প্রকাশিত হয়েছিল কয়েক বছর আগে। ছবিটি এর মধ্যে ব্রিটিশ ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা ব্রিটিশ শর্ট ফিল্ম হিসেবে পুরস্কার জিতেছে।
দ্য লং গুডবাই পরিচালনা করেছেন অ্যানিল কারিয়া। অনেক সমালোচক বলেছেন, এ ছবি দেখে অনেকের মনে হবে যেন কনসেপচুয়াল কোনো মিউজিক ভিডিও দেখছেন। এতে রিজ নিজে র্যাপও গেয়েছেন। ১২ মিনিটের টানটান উত্তেজনা, এক ব্রিটিশ-পাকিস্তানি পরিবারকে গ্রেফতার করতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। কাহিনীর শেষ হয় রিজের র্যাপ দিয়ে। পশ্চিমা দুনিয়ায় জেনোফোবিয়ার যে বাড়বাড়ন্ত সে প্রবণতাকেই শনাক্ত করেছে রিজের এ শর্ট ফিল্ম।
লং গুডবাই অস্কার জিতলে যেমন প্রথম মুসলিম হিসেবে এ ক্যাটাগরিতে জিতবেন রিজ আহমেদ, তেমনি অ্যানিল কারিয়া প্রথম ভারতীয় হিসেবে এ সম্মানের ভাগীদার হবেন।
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে রিজের লং গুডবাই ছাড়া আরো মনোনয়ন পেয়েছে সুইডিশ পরিচালক মারিয়া ব্রেনডেলের আলা কুচ্চু—যেখানে কিরগিজস্তানে মেয়েদের অপহরণ করে বিয়ে করার পুরনো এক প্রথার গল্প বলা হয়েছে। ৩৮ মিনিটের ফিল্মটি এর মধ্যে ২০টি অ্যাওয়ার্ড জিতেছে। আরো যে তিনটি শর্ট ফিল্ম মনোনয়ন পেয়েছে সেগুলো হলো অন মাই মাইন্ড, প্লিজ হোল্ড ও দ্য ড্রেস।
ভ্যারাইটির অনুমান বলছে সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে অস্কার জিতবে দ্য লং গুডবাই। নইলে জিতবে অন মাই মাইন্ড। তবে তাদের বিবেচনায় অন মাই মাইন্ডেরই জেতা উচিত।
সূত্র: ভ্যারাইটি










