নচিকেতা চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে গাওয়া ‘কাঁটাতার’ গানের রেশ কাটতে না কাটতেই আসিফ আলতাফ আনছেন ‘পুরোনো শাড়ি’। রোববার আসিফ আলতাফের ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে গানটি। গানে গানে এই শিল্পী হারিয়ে ফেলা প্রিয়জনকে বলছেন, ‘পুরনো শাড়ির ভাঁজে লেখা যত ভালোবাসা/ পৃথিবীর মায়া ছেড়ে সুদুরে বেঁধেছো বাসা/ অপেক্ষায় থেকো তুমি আমিও আসব জেনো/ তোমার সাথে আবার ঘর বাঁধব কখনো।’ গানের সুর, কথা ও কম্পোজিশন তার নিজের।
নতুন এ গান প্রসঙ্গে আসিফ বলেন, গানটিতে মেলোডিকে প্রাধান্য দিতে চেষ্টা করেছি। এটি সেমি ক্ল্যাসিক ঘরানার গান। সুর ও কথায় নষ্টালজিক আবহ আছে। যারা কখনো ভালোবেসেছেন, কোনো কারণে ঘর বাঁধতে পারেননি তারা গানের কথায় নিজেকে খুঁজে পাবেন। আমি আমার চেষ্টায় ত্রুটি রাখিনি। বাকিটা দর্শক-শ্রোতারা বলবেন।
প্রযোজনার পাশাপাশি গানটির মিক্স, মাস্টারিং ও সার্বিক আয়োজনে ছিলেন পাভেল আরিন। পুরোনো শাড়ি নিয়ে আরিন বলেন, আসিফ আলতাফ বরাবরই ব্যাতিক্রমী কথা ও সুরে গান করে। তার গায়কিও হৃদয়গ্রাহী। পুরনো শাড়ি গানটি হৃদয়স্পর্শী লেগেছে আমার কাছে। বিশুদ্ধ, এক্সপেরিমেন্টাল কাজ করার নেশা বহু আগে থেকেই, আসিফ আলতাফের এই গানটি আমার ফাইনেস্ট কাজগুলোর অন্যতম বলে মনে হয়েছে। ’ব্ল্যাংক বক্স কমিউনিকেশন থেকে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক মাহমুদ।
উল্লেখ্য, আসিফ আলতাফ প্রজন্মের প্রতিশ্রুতিশীল গায়ক। সাধারণত নিজের লেখা ও সুরে গান গেয়ে থাকেন তিনি। জীবনমুখী গানের পাশাপাশি আধুনিক প্রেম-বিরহ তার গানে উঠে আসে সময়ের কণ্ঠস্বর হয়ে। গত মাসের মাঝামাঝি সময়ে ভারতের জনপ্রিয় গায়ক নচিকেতা ও আসিফ আলতাফ যৌথভাবে একটি গান করেন। ‘কাঁটাতার’ শিরোনামের গানটি দুই বাংলায় প্রশংসিত হয়। সে সময় আলতাফের লেখা, গায়কি ও কাজের প্রশংসা করে নচিকেতা বলেন, ‘আমার দেখা বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ও রুচিশীল শিল্পী আসিফ আলতাফ। তার গান একদিন দেশের মানুষ আনন্দ নিয়ে শুনবে।’
এর আগে তার গাওয়া ‘জুতো’ শিরোনামের একটি গান সর্বমহলে প্রশংসিত হয়। জুতো গানের কথা, সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গেয়েছেন আলতাফ নিজেই। গত বছর লকডাউনে পশ্চিমবঙ্গের শিল্পী লগ্নজিতার সঙ্গে গেয়েছেন ‘দূরত্ব’ নামের আরো একটি গান। যা ঢাকার পাশাপাশি পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পেয়েছে। প্লেব্যাক শিল্পী ন্যান্সির সঙ্গে গাওয়া ‘সুবহে সাদিক’ গানটি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়েছে।










