নব্বইয়ের দশকের জনপ্রিয় তারকাদের একজন ববি দেওল। বাবা সুপারস্টার ধর্মেন্দ্র এবং বড় ভাই অভিনেতা সানি দেওলের সান্নিধ্যেই যার ক্যারিয়ার শুরু। প্রথম দিকে শিশুশিল্পী হিসেবে কাজ করতে দেখা গেছে ‘ধর্ম বীর’ সিনেমায় ১৯৭৭ সালে। এরপর তরুণ অভিনেতা হিসেবে ১৯৯৫ সালে ‘বারসাত’ সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন ববি। জিতেছেন বছরের শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কারও।

এরপর আর পেছনে তাকাতে হয়নি অভিনেতা ববিকে। গুপ্ত, সৈনিক, বাদল, বিছুর মতো সব সুপারহিট সিনেমার মধ্য দিয়ে বলিউড পেয়েছে হিরো ববি দেওলকে। তবে বর্তমানে চিত্র পাল্টেছে।

বলিউড হলিউড নয়, সম্প্রতি সিনেমার ভিলেন বা খলনায়ক নিয়েও দর্শকের এখন আগের চেয়ে বেশি আকর্ষণ। সে চাহিদা মাথায় রেখেই নির্মাতারাও এখন খলনায়কের চরিত্র নির্বাচনে অনেকটাই সোচ্চার। গত বছর নির্মাতা সন্দীপ রেড্ডির পরিচালিত সিনেমা ছিল অ্যানিমেল, যা ছিল ২০২৩ সালের সবচেয়ে বেশি আয়কৃত সিনেমাগুলোর একটি। কেবল ভারত নয়, বলা যায় বিশ্বব্যাপীই অ্যানিমেল সিনেমার অ্যাকশন ছড়িয়ে পড়েছিল। তবে সিনেমার হিরো রণবীর কাপুরের চেয়ে কোনো অংশে কম দর্শকপ্রিয়তা পাননি ভিলেন চরিত্রে থাকা ববি দেওল।

অনেকের মতেই অ্যানিমেলে যেটুকু হাস্যরস যুক্ত হয়েছে এর ভিলেনের জন্যই। এরপর থেকে বাড়ছে খলনায়ক হিসেবে ববি দেওলের চাহিদা। তাই বলাই যায় অ্যানিমেল সিনেমা দিয়ে বাজিমাত করেছেন ববি। দীর্ঘ বিরতির পর ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন মোড়।

এবার যশ রাজ ফিল্মসের নারীপ্রধান স্পাই অ্যাকশন সিনেমা আলফা আসছে। যেখানে ববি থাকছেন খলনায়কের চরিত্রে। সিনেমায় থাকছে তার বিপরীতে সময়ের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এ বছরের জুলাইয়ে শুরু হয়েছে আলফা সিনেমার শুটিং। সিনেমাটির পরিচালনায় রয়েছেন নির্মাতা শিব রাওয়াল।

এছাড়া এর বাইরেও শোনা যাচ্ছে দক্ষিণি সিনেমা দেবারাতেও খলনায়কের ভূমিকায় থাকছেন ববি। জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর জুটি বেঁধেছে দেবারাতে। যদিওবা এ সিনেমার প্রধান খলনায়ক হিসেবে থাকছেন সাইফ আলি খান। পাশাপাশি ববি দেওলকেও দেখা যাবে।

সূত্রের দাবি, দেবারা: পার্ট ওয়ানের প্রধান খল চরিত্রে অভিনয় করছেন সাইফ। সিনেমাটির শেষের দিকে নির্মাতারা ববিকে হাজির করে চমক দিতে চাইছেন।

সূত্র: ভ্যারাইটি