ঈদের নাটক নিয়ে প্রতি বছরই দর্শকের আগ্রহ থাকে তুঙ্গে। নির্মাতারাও তাদের কথা মাথায় রেখে নাটক নির্মাণে ব্যস্ত সময় পার করেন ঈদের আগে থেকেই। ঈদ শেষ হতেই কোন নাটকের কোন জুটি দর্শকের কাছে সমাদৃত হয়েছে, সে নিয়েও চলে বিশ্লেষণ। গত ঈদে জাকারিয়া শৌখিন পরিচালিত ‘সুইট কিস’ নাটকে অভিনয় করে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন জোভান ও কেয়া পায়েল জুটি। এবার এ জুটির সঙ্গে মনোজ প্রামাণিককে নিয়ে জাকারিয়া শৌখিন নির্মাণ করেছেন নাটক ‘নিজের খেয়াল রেখো’। নাটকটি ঈদের জন্য নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। জাকারিয়া শৌখিন রচিত এটি একটি ত্রিভুজ প্রেমের গল্পের নাটক। এ নাটকে অভিনয় করা প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘শৌখিন ভাই আমার ভীষণ প্রিয় একজন পরিচালক। তার পরিচালনায় ১০টির মতো নাটকে আমি কাজ করেছি। এর কোনো একটি কাজও ফ্লপ নয়। শৌখিন ভাই একজন রুচিশীল নির্মাতা। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে সবসময় ভীষণ ভালো লাগে।’ 

সহশিল্পীদের নিয়ে জানতে চাইলে কেয়া বলেন, ‘‌মনোজ দা ও জোভান ভাই দুজনই অভিনয়ে দুর্দান্ত। যে কারণে দুজনের সঙ্গে এ নাটকে অভিনয় করাটাও ছিল দারুণ উপভোগ্য। আমি খুব আশাবাদী, নিজের খেয়াল রেখো নাটকটি নিয়ে।’ আগামী ঈদে এটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। 

২০১৭ সালে মিডিয়ায় কাজ শুরু করেন পায়েল। এরই মধ্যে ‘ইন্দুবালা’ নামে একটি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। বর্তমানে ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন। ঈদ আর বিশেষ দিনে তার ব্যস্ততা বেড়ে যায়। বর্তমানে ঈদের নাটকের শুটিং সেটেই সময় যাচ্ছে বলে জানিয়েছেন কেয়া পায়েল। আসন্ন কাজ প্রসঙ্গে জানতে চাইলে কেয়া পায়েল জানান, জোভান ও তিনি জাকারিয়া শৌখিনের পরিচালনায় ‘গুড বয়’ নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। নাটকটির গল্প নিয়ে কেয়া পায়েল বলেন, ‘‌গল্পটা চমৎকার, এটা দর্শকের ভালো লাগবে। এর গল্পটা জোভানকে কেন্দ্র করেই। আমরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছি।’ এর আগে একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন কেয়া ও জোভান জুটি। এ ঈদেও বেশ কয়েকটি নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের।