কমিক থেকে সিনেমা নির্মিত হলে কমিকপ্রেমীদের মধ্যে দুশ্চিন্তা দেখা যায়। তাদের পছন্দের চরিত্রটিকে সিনেমায় কেমন করে উপস্থাপন করা হচ্ছে তা নিয়েই যত দুশ্চিন্তা। যেমন রবার্ট প্যাটিনসন কেমন ব্যাটম্যান হবেন কিংবা জোয়াকিন ফিনিক্স জোকারের চরিত্রটা কীভাবে ফুটিয়ে তুলবেন তা নিয়েই যত দুশ্চিন্তা। কিন্তু দুটো সিনেমাই চমৎকার হয়েছে। দর্শকরা পছন্দ করেছেন এ দুই অভিনেতার পারফরম্যান্স। তাদের শঙ্কার অবশ্য কারণ ছিল। কেননা ক্রিস্টোফার নোলান পরিচালিত দ্য ডার্ক নাইট সিরিজের পর ব্যাটম্যান নিয়ে ভালো সিনেমা আসেনি। আর জোকারের ক্ষেত্রে হিথ লেজারের মতো আবেদন কেউ তৈরি করতে পারেননি।

২০০৮ সালের দ্য ডার্ক নাইট সিনেমায় ক্রিশ্চিয়ান বেল অসাধারণ অভিনয় করেছেন। কিন্তু সিনেমাকে এক ধাপ এগিয়ে নিয়েছিলেন হিথ লেজার। জোকার চরিত্রটির জন্য মরণোত্তর অস্কারও পেয়েছেন হিথ। সিনেমার অসাধারণ পারফরম্যান্সের জন্য নোলান হিথ লেজারের প্রশংসা করেন এবং বলেন হিথ মূলত সব ধরনের নিরীক্ষার মধ্য দিয়ে যেতে রাজি ছিলেন। এক সাক্ষাৎকারে নোলান জানিয়েছেন, এ সিনেমার শুটিং চলাকালে দীর্ঘ বিরতি নিতেন তিনি এবং লেজারকে এ সময় অভুক্ত রাখা হতো যেন সিন শুট করার সময় তার অভিনয়ে মরিয়া ভাব থাকে। হিথ নিজে এ বিষয়ে নোলানকে সহায়তা করেছেন বলেই সিনেমায় যা যা চেয়েছেন সে রকমই কাজ করা সম্ভব হয়েছে।

নোলানের ব্যাটম্যান দৃশ্যত ভয়ানক। তার স্বভাবে কোনো রকম দয়ামায়া নেই। সিনেমায় ব্যাটম্যানের সঙ্গে জোকারের মুখোমুখি কয়েকটি দৃশ্য আছে। তবে এর মধ্যে ব্যাটম্যান যখন জোকারকে জিজ্ঞাসাবাদ করে সে দৃশ্যটি দর্শকদের অনেকেরই পছন্দ। বিভিন্ন সময় কথোপকথনে নোলান জানিয়েছেন দৃশ্যটি তার নিজেরও সবচেয়ে পছন্দের। লস অ্যাঞ্জেলেস টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে নোলান বলেন, ‘‌আমরা যখন চিত্রনাট্য লিখছিলাম সে সময় এ দৃশ্যকে বিশেষ করে উপস্থাপনার চিন্তা করেছিলাম। দৃশ্যটি আমরা তুলনামূলক আগে শুট করি। জোকার হিসেবে হিথের এটি প্রথম কাজগুলোর একটা। সে নিজেও বলেছিল যে শুরুতেই একটা বড় কাজ করতে চায়। আমাদের সাত মাসের শুটের প্রথম তিন সপ্তাহের মধ্যেই এটা করা হয়েছিল। ক্রিশ্চিয়ান আমি ও বেল, আমরা সবাই দ্রুততম সময়ের মধ্যে কাজে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলাম। একটা রিহার্সাল হয়েছিল। রিহার্সালে বেশি সময় ওরা কেউ নষ্ট করতে চায়নি। 

কেবল এ কারণেই নয়, আরো নানা কারণে নোলানের এ দৃশ্যই পছন্দ। লেজারের অভিনয় বা অভিনয়ের প্রতি তার নিষ্ঠার পাশাপাশি এ দৃশ্যে ব্যাটম্যানের কাজগুলোও নোলানকে প্রভাবিত করেছে। দৃশ্যটির একটা পর্যায়ে ব্যাটম্যান জোকারকে ফেলে দেয়। তারপর লাথি মেরে চলে যায়। মূলত জোকারের মরিয়া ও কখনো ব্যাটম্যানকে তাচ্ছিল্য করার বিপরীতে ব্যাটম্যানের এমনই করার কথা। নোলানের ভাষায়, আমরা এটা সরিয়ে ফেলতে চেয়েছিলাম কিন্তু দৃশ্যটি ক্রিশ্চিয়ান বেল যেভাবে অভিনয় ও বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করলেন তা অসাধারণ ছিল।’

সন্দেহ নেই নোলানের ব্যাটম্যান ট্রিলজি, ব্যাটম্যান ও ডিসি কমিকের ইতিহাসে অন্যতম সেরা তিন সিনেমা। দর্শক এখনো ব্যাটম্যানের সেরা সিনেমার তালিকায় এ তিন সিনেমাকেই রাখেন। এর বাইরে সেরার স্বীকৃতি হিসেবে সিনেমাটি বাফটা, গোল্ডেন গ্লোব ও একাডেমি অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছিল। পুরস্কৃত হয়েছিলেন হিথ। ১৪ বছর আগে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১০০ কোটি ডলার।


সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস