দেশের দর্শকপ্রিয় নাট্যদলের একটি লোক নাট্যদল।  লোক নাট্যদল তাদের নতুন নাটক ‘সুন্দর’ নিয়ে আসছে সন্ধ্যা ৭টায় ঢাকায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। আজ এর উদ্বোধনী মঞ্চায়ন। এটি এ নাট্যদলের ৩১তম প্রযোজনা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে লোক নাট্যদল জানিয়েছে, ‘সুন্দর’-এর মঞ্চায়ন উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। মোহিত চট্টোপাধ্যায় রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। এতে অভিনয় করছেন আবদুল্লাহ আল হারুন, মিনহাজুল হুদা দীপ, সোহেল মাসুদ, তানজিনা রহমান, সাদেক ইসলাম, জান্নাতুল ফেরদৌস মিষ্টি, তৌহিদ মোস্তাক নীল প্রমুখ।

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আলোক পরামর্শ ও পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান ও জিএম সিরাজুল হোসেন। আবহসংগীত ও পোশাক পরিকল্পনা করেছেন কামরুন নূর চৌধুরী। মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন সোহেল মাসুদ ও মঞ্চসজ্জা ব্যবস্থাপনায় সুধাংশু নাথ।

নাটকের বিষয়বস্তু প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‌আমরা সাধারণত সুন্দর বলতে মানুষের বাহ্যিক বা শারীরিক সৌন্দর্যকেই দেখি ও তাদের গুণগান করি। অন্যদিকে দেখতে অসুন্দর বা কম সুন্দর মানুষের কম সুন্দর দিকটাকে নিয়ে চর্চা করে করে সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলি।

‌প্রত্যেক মানুষের ক্ষেত্রেই তার চেহারা যেমনই হোক বা উচ্চতায় সে যতই খাটো হোক, তার মধ্যে অন্তঃর্নিহিত কিছু সৌন্দর্য থাকে, যা অনাবিষ্কৃতই থেকে যায়। পাশাপাশি সে মানুষের কর্মগুণ, দক্ষতা ও সমাজে অবদান রাখার মতো গুণাবলি তাকে আরো সুন্দর করে তুলতে পারে এবং এর স্বীকৃতি তার জীবনকে নতুনভাবে উজ্জীবিত করতে পারে।’