দীর্ঘ বিরতির পর আবারো বড় পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম। বিভিন্ন পণ্যের ফটোশুটে ব্যস্ত সময় পার করলেও এবার তাকে দেখা যাবে আরিফিন শুভর বিপরীতে। গোলাম সোহরাব দোদুলের থ্রিলার ‘সাপলুডু’-তে জুটি বাঁধার পর চার বছর কেটে গেছে। সে জুটি আবারো ফিরছে নতুন সিনেমায়। যদিও শুটিং বেশ আগেই শুরু হয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি সিনেমার নাম। পরিচালক সাইফ চন্দনসহ শুভ-মিম কেউই এ বিষয়ে মুখ খুলছেন না।

সাইফ চন্দনের পরিচালনায় এটি তার সপ্তম সিনেমা। এর আগে এ নির্মাতার ‘লোকাল’ সিনেমায় অভিনয় করেছিলেন আদর আজাদ ও শবনম বুবলী। এবার প্রথমবারের মতো তিনি একসঙ্গে কাজ করছেন শুভ-মিমকে নিয়ে। যদিও নাম চূড়ান্ত হয়নি, তবে ইউনিট-সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, সিনেমার সম্ভাব্য নাম হতে পারে ‘মালিক’ বা ‘শিকার’।

জানা গেছে, চলতি মাসের শুরুতে রাজশাহীর পবা এলাকায় শুটিং শুরু হয়। এখন নাটোরে চলছে টানা শুটিং। অ্যাকশন ঘরানার এ সিনেমায় শুভ ও মিমকে দেখা যাবে নতুন রূপে। চরিত্রের প্রয়োজনে দুজনই নিয়েছেন কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং।

ইউনিটের আরো একটি সূত্র জানায়, মিমের মতোই শুভও প্রস্তুতির ব্যাপারে ছিলেন বেশ কঠোর। দীর্ঘদিন পর নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নীলচক্র’। হাতে আছে আরো কয়েকটি বড় প্রজেক্ট। রায়হান রাফীর ‘নূর’ মুক্তির অপেক্ষায়, যেখানে আছেন জান্নাতুল ঐশী। অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’-এ তিনি অভিনয় করেছেন নুসরাত ফারিয়ার সঙ্গে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সক্রিয় শুভ, কাজ করেছেন হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’তে।

পরিচালক সাইফ চন্দন জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। ডিসেম্বরেই হবে বিদেশে একটি আইটেম গানের শুটিং। এরপর বাকি থাকবে শুধু প্যাচওয়ার্ক ও ডাবিং।