হইচইয়ে ৩০ আগস্ট থেকে ওসি হারুনের মহানগর দেখা যাবে একদম ফ্রিতে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে সিজন ১। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। সেই সঙ্গে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে মহানগরের প্রথম কিস্তির একটা পর্ব দেখা যাবে ফ্রি।

২০২১ সাল। বিশ্ব তখন করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ব্যস্ত। এর মধ্যে ঢাকা মহানগরে কোনো এক রাতের ঘটে যাওয়া এক গল্প নিয়ে নির্মাণ হয় একটি সিরিজ। জুনে হইচইয়ে মুক্তি পায় সে সিরিজ, নাম মহানগর। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এ সিরিজ নির্মাণ করেন বাংলাদেশের আলোচিত নির্মাতা আশফাক নিপুন।

সিরিজটি বাংলা ভাষার দর্শককে যেন নাড়িয়ে দিয়ে যায় সে সময়। মুক্তির পর থেকেই এটি দর্শকপ্রিয়তার শীর্ষে রয়েছে। এখনো দর্শকের মনে দাগ কেটে চলেছে ওসি হারুন চরিত্রটি। 

এ ব্যাপারে পরিচালক আশফাক নিপুন বলেন, ‘মহানগর নির্মাণের সময় ভাবিনি যে সিরিজটি মানুষ এত পছন্দ করবে। এ সিরিজ দুই বাংলায়ই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যায়ও পড়তে হয়। যে বিষয় নিয়ে আমি কখনো মিডিয়ায় কথা বলিনি। সেসব ব্যাপার নিয়ে আলাপ করা যাবে অন্য কোনো সময়। তবে আনন্দের ব্যাপার হলো, যে কেউ যেকোনো স্থান থেকে মহানগর হইচইয়ে স্ট্রিম করতে পারবেন ফ্রি।’ 

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘মহানগর মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে রেসপন্স ও ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বাস্তবে সবখানে প্রশংসা পেয়েছি কাজটার জন্য। এখনো দর্শক ওসি হারুনকে দেখতে চায়। আপাতত ৩০ আগস্ট থেকে মহানগর প্রথম সিজন হইচইয়ে দেখা যাচ্ছে একদম ফ্রি।’

মহানগরের প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খায়রুল বাসার প্রমুখ।