মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যুক্ত হচ্ছেন রাসেল ক্রো। থর: লাভ অ্যান্ড থান্ডার সিনেমায় দেখা যাবে তাকে। মার্ভেলে এটি হতে যাচ্ছে রাসেলের প্রথম কাজ। এর আগে তিনি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সে জ্যাক স্নাইডারের ম্যান অব স্টিলে অভিনয় করেছিলেন। থর ফ্র্যাঞ্চাইজে রাসেল ক্রোর যুক্ত হওয়ার খবরটি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু রাসেল নিজেই খবরটি জানালেন। তিনি জানিয়েছেন, তার চরিত্রটি হবে জিউসের। আকাশ ও বজ্রের গ্রিক দেবতাকে এবার দেখা যাবে মার্ভেলের সিনেমায়।

তবে গ্রিক পুরাণের জিউসের সঙ্গে মার্ভেলের জিউসের পার্থক্য থাকবে। গ্রিক পুরাণের জিউস মূলত সর্বময় ক্ষমতাসীন ঈশ্বর। এর পাশাপাশি বজে র শক্তির কারণে নর্স পুরাণের থর এবং ভারতীয় পুরাণের ইন্দ্রের সঙ্গেও মিল রয়েছে। কমিকে চরিত্রটি জিউস প্যানহেলিনিয়াস নামে একজন হিউম্যানয়েড। জিউস এবং অলিম্পাসের অন্যান্য বাসিন্দারা গ্রিস ও রোমানদের দ্বারা পূজিত হতেন। সিনেমার জিউস প্যানহেলিনিয়াস মূলত গ্রিক পুরাণেরই প্রতিবিম্ব। তিনি কনিষ্ঠ টাইটান ক্রোনাসের জ্যেষ্ঠ পুত্র।

মার্ভেল কমিকের গল্প অনুসারে অলিম্পাস ও দেবতারা একটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় থরের জিম্মায় থাকা অ্যাসগার্ডিয়ানদের সঙ্গে অভিযানে জিউস তার পুত্র হারকিউলিসকে সহায়তা করেন। কিন্তু এর মধ্যে ওডিন ও জিউসের মধ্যে একটি বৈঠকে সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়।

থর: লাভ অ্যান্ড থান্ডার সিনেমায় ক্রিশ্চিয়ন বেল থাকছেন গর দ্য গড বুচার নামের চরিত্রে। চরিত্রটি জীবনের নানা উত্থান পতনের কারণে ঈশ্বরবিরোধী হয়ে ওঠে। সে বিশ্বাস করতে শুরু করে মহাবিশ্বে কোনো গড নেই, কেননা থাকলে তার এ দুরবস্থা হতো না। এরপর গর এক সময় গডদের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। এ সিনেমায় গরই প্রাথমিক খল চরিত্র এবং ধারণা করা হচ্ছে, গরের বিরুদ্ধে জোট তৈরি করতে দেখা যাবে থর ও জিউসকে।

টাইকা ওয়াইকিকি পরিচালিত সিনেমাটিতে থর হিসেবে ক্রিস হেমসওয়ার্থকে যথারীতি দেখা যাবে। জেন ফস্টারের চরিত্রে থাকছেন নাটালি পোর্টম্যান। ভ্যালকারিন হিসেবে ফিরছেন টেসা থম্পসন। এবার অ্যাসগার্ডের নেতা হিসেবে দেখা যাবে তাকে। এর মধ্যে রাসেল ক্রোর সংযুক্তি নিঃসন্দেহে সিনেমায় নতুন মাত্রা যোগ করবে। থরের মুখোমুখি জিউসকে দেখতে উদগ্রীব মার্ভেলপ্রেমীরা। সিনেমাটি আগামী ৮ জুলাই মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস