ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। ৩০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ সময়ে এসে পর্দায় কম দেখা যায় তাকে। তবে এরই মধ্যে পরিচালনায় নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। সরকারি অনুদানে তিনি নির্মাণ করেছেন ‘ফিরে দেখা’ নামের একটি সিনেমা। এটি পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন রোজিনা। আগামীকাল সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, নিরব-অর্চিতা স্পর্শিয়াসহ আরো অনেকে। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর রুপালি পর্দায় জুটি হিসেবে হাজির হবেন কাঞ্চন-রোজিনা। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত রয়েছেন রোজিনা।
সিনেমাটি প্রসঙ্গে রোজিনা বলেন, ‘অসংখ্য সিনেমায় দর্শকরা আমার অভিনয় দেখেছে। সেসব সিনেমায় দর্শকরা আমাকে ভালোবেসে সাপোর্ট করেছে। তারা যদি ভালো না বাসত, তাহলে আজকের রোজিনা হতে পারতাম না। দর্শকদের অভাবনীয় ভালোবাসা পেয়েছি বলেই এতদূর আসতে পেরেছি। প্রথমবার একটি সিনেমা পরিচালনা করেছি। অনুদানের সিনেমাটির সহপ্রযোজক আমি। এর আগেও রোজিনা ফিল্মস থেকে সিনেমা প্রযোজনা করেছি। সেসব সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে। আশা করছি, আমার পরিচালিত প্রথম চলচ্চিত্রটি দর্শক গ্রহণ করবে।’
প্রথমবার সিনেমা পরিচালনার বিষয়টি নিয়ে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘দীর্ঘ সময় অভিনয় করে কিছুটা হলেও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। যে গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি, তা দীর্ঘদিনের পরিকল্পনায় নির্মিত হয়েছে। হুট করেই পরিচালনায় আসিনি। ‘ফিরে দেখা’ মুক্তিযুদ্ধের গ্রামীণ পটভূমির গল্পের সিনেমা। এটি একটি পরিবারের গল্প। যুদ্ধের সময় আর্মিদের সঙ্গে লড়াইয়ের গল্প সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি।’
সিনেমাটির গল্প নিয়ে রোজিনা বলেন, ‘সে সময় নারী-পুরুষ সবাই যুদ্ধে অংশ নিয়েছিল। নানু বাড়ির বাস্তব একটি ঘটনা এ সিনেমায় তুলে ধরা হয়েছে। একটি সিনেমায় পুরো যুদ্ধ বা ঘটনা তুলে ধরা যায় না। তার পরও ওই পরিবারের গল্পটি নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এটি আজকের না অনেক আগের গল্প। যখন অভিনয় ছেড়ে দিই, তখন ভাবি আমি তো সিনেমার মানুষ, আমি তো পরিচালনা করতে পারি। সে ভাবনা থেকে পরিচালনায় আসা। দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেছি। এর আগে নাটক-টেলিফিল্ম পরিচালনা করেছিলাম। সিনেমায় প্রথম নির্মাণ হলেও ছোট পর্দায় আগেই নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে। মূল কথা হচ্ছে প্রস্তুতি নিয়েই সিনেমা পরিচালনায় আসা।’
দর্শকদের উদ্দেশে রোজিনা বলেন, ‘আপনারা আমার অভিনীত অনেক সিনেমা দেখেছেন। এই প্রথম আমি পরিচালনা করেছি। আপনারা হলে এসে সিনেমাটি দেখবেন। এতে আমি অনুপ্রাণিত হব। আপনারা হলে এলে আগামীতে আরো ভালো ভালো গল্পের সিনেমা উপহার দিতে পারব।’
রোজিনার পরিচালনায় প্রথমবার অভিনয় করছেন নিরব ও স্পর্শিয়া। আসন্ন সিনেমাটায় অভিনয় করা প্রসঙ্গে জানতে চাইলে নিরব বলেন, ‘রোজিনা আপা যখনই সিনেমার প্রস্তাব দিয়েছিলেন, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। তার মতো একজন বরেণ্য তারকার সিনেমায় কাজ করতে পারা, এটা অনেক বড় পাওয়া। আর সিনেমায় আমার বিপরীতে আছে স্পর্শিয়া। অভিনয় দিয়ে সে এরই মধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আশা রাখি, আমাদের জুটিবদ্ধ রসায়ন সবার পছন্দ হবে।’
এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘রোজিনা ম্যাডাম আমাকে চিনতেন না। আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেছিল নিরব। নিরবের সঙ্গে পরিচয় অনেক আগে থেকেই। তার সঙ্গে বড় পর্দায় কাজ করার ইচ্ছা ছিল। এবার সেটা পূরণ হয়েছে। আট বছর আগে দুজন একটা নাটকে কাজ করেছিলাম। তবে প্রথমবার একসঙ্গে সিনেমা করেছি, এটাই আনন্দের।’
এতে আরো অভিনয় করেছেন বড়দা মিঠু, মারুফসহ অনেকে।
অন্যদিকে রোজিনার অভিনয়ের সূচনা মঞ্চ নাটক দিয়ে। এরপর বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। ১৯৭৬ সালে ‘জানোয়ার’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি জগতে অভিষেক রোজিনার। এফ কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ শুরু করেন।
সিনেমা পরিচালনা ফিরে দেখা দিয়ে শুরু হলেও রোজিনা প্রযোজনার দায়িত্ব নিয়েছেন আরো আগেই। এর আগে ‘রোজিনা ফিল্মস’ থেকে ‘জীবন ধারা’ ও ‘দোলনা’ সিনেমা প্রযোজনা করেছিলেন। এবার দেখার পালা তার পরিচালিত প্রথম সিনেমা দর্শক টানতে পারে কিনা।










