জন স্নো নামেই বেশি পরিচিত। আসল নাম কিট হ্যারিংটন। ‘গেম অব থ্রোনস’-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছেন এ অভিনেতা। আরো একটি ফ্র্যাঞ্চাইজিতে তাকে দেখা গেছে এবং তার ফেরার কথা আছে মার্ভেলের ‘ইটারনালস’-এ। ২০২১ সালে মার্ভেল সিনেমাটিক ওয়ার্ল্ডে যুক্ত হয়েছিলেন কিট।

সম্প্রতি এ সিনেমা ও মার্ভেলে যুক্ত হওয়া নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন কিট। তিনি স্পষ্ট করেই বলেছেন আগ্রহ থেকে নয়, বরং মার্ভেলের ডাক পেয়েই তিনি সিনেমাটিতে যুক্ত হয়েছিলেন। জিকিউ ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে কিট বলেন, ‘আমি ভান করব না যে ব্যতিক্রমী বা আগ্রহজাগানিয়া চরিত্র বলে এতে যুক্ত হয়েছিলাম। বাস্তবতা হলো ডাক পেলে মার্ভেলকে এড়ানো যায় না।’

এখানে একটা প্রশ্ন ওঠে। মার্ভেলকে এড়ানো যায় না, নাকি হ্যারিংটন কাউকে এড়াতে পারেন না? কারণ তিনিই গেম অব থ্রোনসের স্পিন অফ সিরিজে অভিনয় করছেন। সেখানেও না করেননি। এ নিয়ে তিনি বলেন, ‘এইচবিও আমার কাছে এসে সিরিজের প্রস্তাব দেয় আর আমি প্রথমে রাজি হইনি। পরে দেখলাম একজন যোদ্ধার স্বতন্ত্র গল্প হতে পারে, যুদ্ধের পর তার জীবন ও সংগ্রামের গল্প আসতে পারে। সে কারণেই সিরিজে যুক্ত হওয়া।’

সূত্র: জিকিউ ম্যাগাজিন