হলিউডে এক চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে ওয়ার্নার ব্রোস। জেমস গান পরিচালিত ডিসি ইউনিভার্সের নতুন চলচ্চিত্র ‘সুপারম্যান’কে এবারের গোল্ডেন গ্লোব পুরস্কারে ড্রামা বিভাগে জমা দিয়েছে সংস্থাটি। সাধারণত সুপারহিরো ঘরানার চলচ্চিত্রকে বিনোদনমূলক হিসেবে দেখা হলেও, গান এবার সুপারম্যানকে তুলে ধরেছেন এক গভীর মানবিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে। সিনেমাটি যে ‘সিরিয়াস’ ভঙ্গিতে নির্মিত তার প্রযোজনা সংস্থার বর্তমান সিদ্ধান্তে প্রতিফলিত হলো।

ওয়ার্নার ব্রোস সিনেমাটিকে জমা দিয়েছে সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে। পাশাপাশি অভিনয়ের বিভাগেও—ডেভিড কোরেনসওয়েট (সেরা অভিনেতা), র‍্যাচেল ব্রসনাহান (সহ-অভিনেত্রী) এবং নিকোলাস হল্ট (সহ-অভিনেতা)। গান নিজে রয়েছেন সেরা পরিচালক ও চিত্রনাট্যের জন্য বিবেচনায়। গান, এরিক ন্যালি ও ডেভিন উইলিয়ামসের লেখা গান ‘দ্য মাইটি ক্র্যাবজয়ের থিম’ জমা পড়েছে সেরা মৌলিক গানের বিভাগে।

‘সুপারম্যান’-এ ক্লার্ক কেন্টের দ্বন্দ্ব—তার ভিনগ্রহী সত্তা ও মানবিকতার মধ্যে সংঘাত—কে কেন্দ্র করে নির্মিত এই গল্পটি অনলাইনে বিশাল আলোচনার জন্ম দিয়েছে। সিনেমার কাল্পনিক দেশ বরাভিয়া ও জারহানপুরের সংঘাত অনেকেই বাস্তব বিশ্ব রাজনীতির প্রতীক হিসেবে দেখছেন, বিশেষত মধ্যপ্রাচ্যের সংকটের প্রতিফলন হিসেবে।

আগামী ৮ ডিসেম্বর ঘোষণা হবে গোল্ডেন গ্লোব মনোনয়ন। দেখা যাক, গান-এর ‘সুপারম্যান’ এবারও ডিসিকে মর্যাদার নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কিনা।

সূত্র: ভ্যারাইটি