নাগ অশ্বিন পরিচালিত সিনেমা কল্কি ২৮৯৮ এডি। মূল চরিত্রে অভিনয় করেন প্রভাস। ২০২৪ সালে মুক্তি পায় প্রথম পর্ব। এতে সুমতী চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। তবে সিনেমাটির সিকুয়ালে আর থাকছেন না তিনি।

গতকাল সিনেমার প্রযোজক বৈজয়ন্তী মুভিজ আনুষ্ঠানিকভাবে জানায়, দীপিকা এ সিনেমায় আর থাকছেন না। বিবৃতিতে তারা বলেন, ‘‌দীপিকা নির্দিষ্ট অঙ্গীকার পূরণে সম্মত হননি। তাই তাকে সিনেমায় রাখা যাচ্ছে না। কোন অঙ্গীকার পূরণ করেননি দীপিকা, কমেন্টে এ প্রশ্ন তুলেছেন তার দর্শক ও ভক্তরা।’

বৈজয়ন্তী মুভিজ লিখেছে, ‘আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে দীপিকা পাড়ুকোন আমাদের আসন্ন কল্কি “‍২৮৯৮ এডি”র সিকুয়ালে থাকছেন না। আমরা সতর্কতার সঙ্গে বিষয়টি আলোচনা করেছি এবং এরপর সিদ্ধান্ত নিয়েছি আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। প্রথম সিনেমাটি করার পরও আমরা একসঙ্গে থাকতে পারছি না। আমরা মনে করি কল্কির মতো সিনেমা তার কাছ থেকে আরো কিছু প্রত্যাশা করে।’ দীপিকাকে তার পরবর্তী কাজের জন্য শুভকামনা জানিয়েছে বৈজয়ন্তী ফিল্মস।

প্রযোজনা প্রতিষ্ঠানের এ দাবি থেকে বোঝা যায় তারা দীপিকার কাছ থেকে বেশি কর্মঘণ্টা দাবি করছে, যা দীপিকা মানতে রাজি হননি। তবে কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে, দীপিকা তার প্রথম সিনেমার তুলনায় ২৫ শতাংশ বেশি পারিশ্রমিক দাবি করেছেন। এছাড়া তিনি নিজের টিমের জন্য চেয়েছেন বিলাসী আবাসনসহ আরো কিছু সুবিধা। কিন্তু প্রায় ২৫ জনের টিমের জন্য এ ব্যবস্থা করতে রাজি হয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।

এর আগে দীপিকা পাড়ুকোনের অভিনয় করার কথা ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট সিনেমায়। কয়েক মাস আগে এ সিনেমা থেকেও বাদ পড়েন দীপিকা। স্পিরিটের নায়কও প্রভাস। এসব থেকে অনেকে ধারণা করছেন, দীপিকার বাদ পড়ার পেছনে প্রভাসের প্রভাব থাকতে পারে। স্পিরিট থেকে দীপিকার বাদ পড়া নিয়েও সমালোচনা হয়েছে। সেখানে তিনি ৮ ঘণ্টার বেশি কাজ করতে রাজি হননি।

এ নিয়ে তাকে হারপার বাজার থেকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘যখন খুব বেশি কথা হয়, তখন আমি সেগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি না। চারপাশের আওয়াজ বন্ধ করে দিলে তখন আপনি নিজের ভেতরকার আওয়াজ শুনতে পাবেন।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস