লিউডের জনপ্রিয় তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর। এ তারকাদের প্রেমের কথা তো সবার জানা। এখন বলি পাড়ায় কান পাতলেই শোনা যায় আলিয়া আর রণবীরের বিয়ের কথা। চলতি মাসেই বিয়ে করতে যাচ্ছেন এ তারকা জুটি। ১৪ এপ্রিল বিয়ে এবং ১৬ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে তাদের।

প্রথমে গুঞ্জন উঠেছিল ১৭ এপ্রিল গাঁটছড়া বাঁধছেন আলিয়া ও রণবীর। পরে অবশ্য জানা যায় ১৪ এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়বেন ‘রণলিয়া’। বিয়ের আয়োজন সীমিত। শুধু দুই পরিবারের লোকেরাই উপস্থিত থাকবেন বিয়েতে।

এ জুটির ঘনিষ্ঠ বন্ধুরা ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে আলিয়ার বাড়িতে। বিয়ের পরের দিন আলিয়া ও রণবীরের পরিবার একটি নৈশভোজের আয়োজন করবেন, যেখানে কেবল দুই পরিবারের সদস্যরা থাকবেন। মূলত পারিবারিকভাবে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতেই এ আয়োজন। এখানেই শেষ নয়, ১৬ এপ্রিল ধুমধাম করে বিবাহের সংবর্ধনার অনুষ্ঠান করা হবে। সে অনুষ্ঠানে আলিয়া ও রণবীরের পরিবার এবং বন্ধুবান্ধবরা অংশগ্রহণ করবেন। এছাড়া এ আয়োজনে শামিল হবেন বলিউড তারকারাও। শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের মতো শীর্ষ তারকারা উপস্থিত থাকবেন আলিয়া ও রণবীরের বিবাহের সংবর্ধনার অনুষ্ঠানে।

বর্তমানে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত আলিয়া ভাট ও রণবীর কাপুর। আলিয়াকে সর্বশেষ দেখা গিয়েছে রাজামৌলি পরিচালিত আরআরআর সিনেমায়। ১৬ এপ্রিল বিবাহের সংবর্ধনার অনুষ্ঠানে খ্যাতিমান পরিচালক রাজামৌলি থাকছেন কিনা সেটি এখনো জানা যায়নি। আলিয়া ও রণবীরকে চলতি বছরেই একসঙ্গে দেখা যাবে অয়ন মুখার্জি পরিচালিত সিনেমা ব্রহ্মাস্ত্রে। ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমা।

 

সূত্র: বলিউড হাঙ্গামা