সোফিয়া কপোলা সম্প্রতি আলোচনায় আছেন তার সিনেমা প্রিসিলা দিয়ে। সম্প্রতি তিনি তার সিনেমা যাত্রা ও নানা বিষয় নিয়ে কথা বলেছেন রোলিং স্টোনের সঙ্গে। এতে তিনি জানিয়েছেন তার কাজ করার কথা ছিল টোয়াইলাইটের শেষ পর্বে। কিন্তু তা করা হয়নি। সোফিয়া জানালেন এ সিনেমায় কাজ করার বিষয়টা মাত্র কয়েকটা মিটিংয়েই শেষ হয়ে যায়। তিনি বলেন, ‘‌সিনেমা নিয়ে আমাদের একটা মিটিং হয়েছিল কিন্তু তার কোনো ফল আসেনি। আমার মনে হয়েছিল অয়্যালউল্ফ বিষয়টাকে আনা একটা বোকামি। কিন্তু সেটা টোয়াইলাইটের আগের পর্বে ছিল। সেটাকেও ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ ছিল।’ টোয়াইলাইটকে অন্যভাবে ভেবেছিলেন সোফিয়া। তিনি বলেন, ‘‌একটা টিনএজ ভ্যাম্পায়ার রোমান্স বেশ ভালো হতো কিন্তু ততদিনে বিষয়টা অন্যদিকে চলে গেছে।’

শেষ পর্যন্ত টোয়াইলাইটের শেষ দুই পর্ব পরিচালনা করেছিলেন বিল কনডন। সোফিয়া মনে করেন সিনেমায় বেলা ও এডওয়ার্ডের পুরো বিষয়টা সুন্দর করে উপস্থাপন করা যেত। তিনি বলেন, ‘‌আমার মনে হয় একটা সাই-ফাইয়ের মতো করে সিনেমাটাকে উপস্থাপন করা যেত। এর মধ্যে আরো কিছু উপাদান যুক্ত হতো। আমার গথিক হরর বেশ পছন্দ।’

সোফিয়া কপোলা এর আগে আরো কিছু কাজে যুক্ত হয়েছিলেন। কিন্তু সেসবও এগোয়নি। ২০১৪ সালে তিনি ‘‌দ্য লিটল মারমেইড’ নিয়ে কাজ করেছিলেন। সোফিয়া এটি নিয়েও নিজের মতো এগিয়েছিলেন। দ্য লিটল মারমেইডের প্রচলিত গল্প থেকে সরে তিনি এর ডার্ক সাইড নিয়ে কাজ করেছিলেন। এক্ষেত্রে তিনি হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের মূল গল্প অনুসরণ করেছিলেন। এ গল্পগুলো সাধারণত ডিজনি নিজের মতো করে রূপান্তর করে। তবে সোফিয়া মূল গল্পে নিজের কিছু ছাপ রেখেছিলেন। কিন্তু স্টুডিও সম্ভবত সেটিই পছন্দ করেনি। তারা চেয়েছিল সিনেমাটি যেন পরিণত দর্শককেও থিয়েটারে আনে।

সোফিয়া কপোলা রোলিং স্টোনকে বলেন, ‘‌কাজের মধ্যে একটা ব্রেকিং পয়েন্ট এসেছিল। আমি একটা বোর্ডরুমে ছিলাম আর সেখানে আমাকে জিজ্ঞেস করা হলো ‘‌‘‌এ সিনেমা ৩৫ বছর বয়সী একজন দর্শককে টেনে আনতে পারবে?’’ এ কথার জবাব আমার কাছে ছিল না।’

সোফিয়া তার বাবার (ফ্রান্সি ফোর্ড কপোলা) মতোই নিজের দৃষ্টিকোণ থেকে গল্প তৈরি করতে চান। তিনি বলেন, ‘‌আমি রূপকথার গল্পটাই বলতে চেয়েছিলাম। মনে হয়েছিল সেটা দর্শক পছন্দ করবেন। আমি সবসময়ই রূপকথার গল্প পছন্দ করি। সেটাকে আরো বড় ক্যানভাসে উপস্থাপনের ইচ্ছা ছিল।’

সূত্র: রোলিং স্টোন