দুই বছর আগে স্বামী ও দুই ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন শ্রোতাপ্রিয় গায়িকা নাজু আখন্দ। গত দুই বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রায় ১০০ স্টেজ শোয়ে পারফর্ম করেছেন তিনি। নাজু জানান, আজ তার জন্মদিন। তবে এবারের জন্মদিন যেন একটু বেশিই উৎসবমুখর হবে। কারণ আজ জ্যামাইকা থেকে ৩০ মিনিট দূরত্বের স্থান ব্রুকলিনে ঈদ ও বৈশাখী আয়োজনে সংগীত পরিবেশন করবেন নাজু আখন্দ। জন্মদিনে এমন আয়োজনে গানে গানে শ্রোতা-দর্শককে মুগ্ধ করার প্রবল ইচ্ছে রয়েছে তার। এদিকে শিগগিরই নাজুর কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে, তার স্বপ্নের গান ‘স্বপ্নের তানপুরা’। গানটি লিখেছেন রাজু চৌধুরী, সুর করেছেন এহসান রাহী। শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে বলে জানালেন নাজু। জন্মদিন, স্টেজ শো ও নতুন মৌলিক গান প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০১ সাল থেকে আমি সিনেমায় গান করছি। দুই শতাধিক গান গেয়েছি সিনেমায়। আমার আধুনিক গানের অ্যালবামও আছে। অনেক প্রকাশিত মৌলিক গান আছে। কিন্তু আমার সব গানকে ছাড়িয়ে গেছে স্বপ্নের তানপুরা গানটি। গানটির কথার গভীরতা ও সুরের মূর্ছনা শ্রোতা-দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস। এ পর্যন্ত যত গান আমি গেয়েছি, আমার কাছে এ গান সেরা গান হিসেবেই বিবেচিত হচ্ছে। যে কারণে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আজ আমার জন্মদিন। জন্মদিনে সবার কাছে দোয়া প্রত্যাশী আমি। সেই সঙ্গে আজকের দিনে ব্রুকলিনে প্রবাসী বাংলাদেশীদের গান শোনানোর সুযোগ পেয়েও ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে যে আমার জন্মদিন একটা উৎসব উৎসব ক্ষণের মধ্য দিয়ে কাটবে।’ এদিকে নাজু জানান, চলতি বছরই দেশে আসার ইচ্ছে রয়েছে তার। ২০০২ সালে নাজুর প্রথম মৌলিক গানের অ্যালবাম ‘কাচা হলুদের রং’ প্রকাশ হয়। এরপর ২০০৯ সালে ‘স্বপ্ন কন্যা’ অ্যালবাম প্রকাশ পায়। ‘মায়ের সম্মান’ সিনেমায় তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে প্রথম প্লেব্যাক করেন। নাজু কুমার বিশ্বজিতের সঙ্গে এ সিনেমায় প্লে-ব্যাক করার সুযোগ পেয়েছিলেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে ৬৮টি সিনেমায় প্লে-ব্যাক করার সুযোগ পেয়েছিলেন নাজু আখন্দ। ‘সমাজকে বদলে দাও’ সিনেমায় শাবনূরের লিপের ‘আমার মানব জমিন চিরতরে দিয়ে দিলাম তোরে, বিধির কাছে সকল সাক্ষ্য প্রমাণ হাজির করে’ গানটি নাজুর কণ্ঠে গাওয়া সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান।
‘স্বপ্নের তানপুরা’ নিয়ে নাজু আখন্দ
দুই বছর আগে স্বামী ও দুই ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন শ্রোতাপ্রিয় গায়িকা নাজু আখন্দ।










