সতীশ কৌশিক পরিচালিত ও সালমান খান অভিনীত অন্যতম ব্যবসা সফল সিনেমা তেরে নাম। সম্প্রতি সিনেমাটি নিয়ে কথা বলেছেন সতীশ কৌশিক। আধুনিক সময় অনুযায়ী কবির সিং সিনেমাটিকে তেরে নামের বর্তমান রূপ বলেছেন এ পরিচালক।

তেরে নাম নিয়ে সিনেমাটির পরিচালক সতীশ কৌশিক বলেন, ‘আমি মনে করি, সিনেমাটি একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। সিনেমাটি দর্শক জনপ্রিয়তা পেলেও বর্তমানে দর্শকের রুচির পরিবর্তনের কারণে এটি রিমেক করা যাবে না। সময় বিবেচনা করে সিনেমা নির্মাণ করা উচিত।’ 

২০০৩ সালে মুক্তি পায় তেরে নাম। সালমান খান ও ভূমিকা চাওলা এতে অভিনয় করেন। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে উচ্ছৃঙ্খল রাধের চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। মূলত রাধেকে নিয়েই সিনেমার গল্প এগোয়। রাধে নির্জরা নামের একটি মেয়ের প্রেমে পড়ে। নির্জরার চরিত্রে অভিনয় করেন ভূমিকা। সিনেমায় দেখানো হয় নির্জরা রাধেকে এড়িয়ে চলতে চায়। কিন্তু রাধে নানাভাবে তাকে ভয় দেখায় ও হুমকি দেয়। এমনকি নির্জরার বাগদত্তাকে ভয় দেখায়।

সতীশ কৌশিক বলেন, ‘তেরে নাম সালমানের করা অন্যতম সেরা কাজ। তবে রাধের নির্জরার প্রতি ভালোবাসা আর আক্রোশের কারণে এ চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না সালমান খান।’

সতীশ জানান, ‘সিনেমাটি নিয়ে সালমান বলেছিলেন, এটা অবশ্যই ভালো কাজ। তবে রাধে চরিত্রটি সমাজে ভুল বার্তা দেয়।’

এ বিষয়ে সতীশ আরো বলেন, কবির সিং সিনেমাটি নিয়েও বিতর্ক হয়েছিল। কবির সিং তেরে নামের একটি রূপান্তরিত রূপ। বর্তমান সময়ে কিছু স্থানে এর পরিবর্তন এলেও এখনো ছোট শহরগুলোয় ছেলেরা মেয়েদের সঙ্গে এমন আচরণ করে। এমনকি বেশির ভাগ সময়ে তারা মেয়েদের পিছু নেয়। যেটা মেনে নেয়া যায় না।

এ চলচ্চিত্র নির্মাতার মতে, তেরে নাম বর্তমান সময়ে শহুরে দর্শকদের সঙ্গে যায় না। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে কিছু দায়িত্ব রয়ে যায়, তাই সিনেমাটি পুনরায় নির্মাণ করতে গেলে অনেক কিছু ভাবতে হবে। তিনি বলেন, ‘বর্তমান সময়ে আপনি এমন কাউকেই ভালোবাসবেন না, যিনি আপনার সঙ্গে থাকতে আগ্রহী নন। সে সময় মানুষের আবেগ এমন ছিল। তাই তেরে নামে সালমানকে এভাবে উপস্থাপন করা হয়েছে।’

২০১৯ সালে এক সাক্ষাত্কারে সতীশ কৌশিক বলেছিলেন, ‘তেরে নামের সিকুয়ালে কারা অভিনয় করবে এটা নিয়ে আমি ভাবিনি। তেরে নাম সিনেমাটি সালমানের জন্যই এত জনপ্রিয়, তাই প্রতি বছর এ সিনেমা নিয়ে বিভিন্ন কথা রটে। আমার কাছে তেরে নাম টুর একটি স্ক্রিপ্ট রয়েছে। তবে আমি এটা নিয়ে কখনো কারোর সঙ্গেই কথা বলিনি। এমনকি সালমানের সঙ্গেও না। সিনেমাটির সিকুয়াল নির্মাণ করব কিনা এ বিষয়ে এখনো কিছু ভাবিনি আমি। তবে যদি আমি তেরে নাম নিয়ে আবারো কাজ করি, সেক্ষেত্রে এবার অনেক কিছুর পরিবর্তন আনতে হবে।’

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস