বিশ্বখ্যাত মাসিক ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’ এর নতুন কভার স্টোরিতে পুরস্কার হারানো নিয়ে নিজের হতাশার কথা বলেছেন অভিনেতা টিমোথি শ্যালামে। ২৯ বছর বয়সী এ অভিনেতা এখন পর্যন্ত দুবার অস্কার, চারবার গোল্ডেন গ্লোব এবং চারবার বাফটা পুরস্কার হারিয়েছেন। তবে চলতি বছর ফেব্রুয়ারিতে ‘এ কমপ্লিট আননোন’ সিনেমায় বব ডিলানের চরিত্রে অভিনয়ের জন্য এসএজি অ্যাওয়ার্ড (হলিউডের ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড’ অ্যাওয়ার্ড) জেতেন তিনি। এক সপ্তাহ পরে অবশ্য ‘দ্য ব্রুটালিস্ট’-এর অ্যাড্রিয়েন ব্রোডি সেরা অভিনেতার অস্কার জিতে তাকে হারিয়ে দেন।

অস্কার হারানোর অনুভূতি নিয়ে শ্যালামে ভোগকে বলেন, ‘ধরুন, একটি পুরস্কার অনুষ্ঠানে পাঁচজন মনোনীত আছেন। চারজন তো হারবে, তাই না? আপনি কি ভাবেন, ওই চারজন রেস্টুরেন্টে গিয়ে বলে না, 'ধুর, জিতলাম না!' আমি খুব উদার, অহংকারহীন কিছু অভিনেতার সঙ্গে থেকেছি। হতে পারে তাদের কেউ কেউ বলছে, 'মজা হলো।' কিন্তু আমি নিশ্চিত, তাদের অনেকেই মনে মনে বলছে, 'পুরস্কারটা চোখের সামনে দিয়ে চলে গেল!'

তিনি আরো বলেন, ‘মানুষ চাইলে আমাকে ট্রাই-হার্ড কিংবা যা খুশি বলতে পারে। কিন্তু কাজটা তো আমিই করছি আসলে।’

গত বছর সিরিয়াসএক্সএমকে দেয়া এক সাক্ষাৎকারে শ্যালামে বলেছিলেন, ‘পুরস্কার হারানোটা অদ্ভুত রকমের হাস্যকর। কারণ বাড়ি ফিরে আপনাকে প্রস্তুত করা বিজয়ীর বক্তৃতা ছিঁড়ে ফেলতে হয়। তখন মনে হয়, 'তুই কী আত্মমুগ্ধ বোকা! কেন নিশ্চিতভাবে ভেবেছিলি যে, তুই মঞ্চে এটা পড়তে পারবি?'

যারা কথা কম বলেন, গণমাধ্যম এড়িয়ে চলেন, প্রায় রহস্যময় হয়ে থাকেন— এমন অভিনেতাদের আদর্শ মনে করেন শ্যালামে। তিনি জানিয়েছেন, টিভিতে আর অভিনয় করতে চান না। যদিও তার অভিনয় জীবনের শুরু হয়েছিল শোটাইমের ‘হোমল্যান্ড’–এ। এরপর আর কখনো টিভিতে কাজ করেননি। টিভিতে নতুন কিছু করবেন কিনা—এমন প্রশ্নে শ্যালামে সোজাসাপটা উত্তর দেন, ‘না।’

সূত্র: ভ্যারাইটি