স্ট্রিমিং সাইটগুলোর জনপ্রিয়তা বাড়ছে বৈ কমছে না। এ মাধ্যমে ব্যবসার পরিমাণও ক্রমবর্ধমান। তাই বাড়ছে প্রতিযোগিতা। সে সূত্রেই এবার মুখোমুখি ভারতের দুই ধনকুবের। এদের একজন মুকেশ আম্বানি, অন্যজন গৌতম আদানি। গত মাসে আম্বানির কনগ্লোমারেট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভায়াকম এইটিন মিডিয়া, জেমস মারডকের বোধি ট্রি সিস্টেমসের সঙ্গে একটি যৌথ কর্মপরিকল্পনা করেছে। এর মাধ্যমে ভারতের বৃহত্তম টেলিভিশন ও ডিজিটাল স্ট্রিমিং কোম্পানি তৈরি করা হবে। অন্যদিকে ধনী হিসেবে আম্বানিকে টপকে যাওয়া গৌতম আদানি ঘোষণা করেছেন ভারতের মিডিয়া, সম্প্রচার ও কনটেন্ট প্রচারের ক্ষেত্রে তিনি একটি ভর্তুকি ব্যবস্থা চালু করবেন।

স্ট্রিমিং মিডিয়ায় সময় দেয়ার ক্ষেত্রে ভারত তালিকার শীর্ষে। ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে এ পরিমাণ ৫২ শতাংশ বেড়েছে। অন্যতম কারণ ছিল কভিড-১৯ অতিমারী। এ পরিসংখ্যান মাথায় রেখে মুম্বাইভিত্তিক বিনিয়োগ উপদেষ্টা উত্কর্ষ সিনহা বলেন, ‘এ অবস্থায় রিলায়েন্সের ওটিটির দিকে ঝুঁকে পড়া স্বাভাবিক বিষয়। তারা এ জায়গায় প্রভাব বাড়াতে চাইবে।’ অন্যদিকে বিনিয়োগ উপদেষ্টা কোম্পানি ফিনোফাইয়ের বিশ্লেষক ক্ষিতিজ পুরোহিত বলেন, ‘সম্প্রচার ও ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ রিলায়েন্সের ব্যবসা দ্বিগুণ করছে। অন্যদিকে মিডিয়া ব্যবসা ও কনটেন্টের ক্ষেত্রে আদানির এ ধরনের সহযোগিতা থেকে প্রতিযোগিতার নতুন ধারা শুরু হবে।’ কেবল তা-ই নয়, মিডিয়ায় বিনিয়োগের মাধ্যমে এ প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের মধ্যে বৈচিত্র্য তৈরি হবে।

ভারত এখনো ডিজিটাল কনটেন্ট যুগের প্রাথমিক পর্যায়ে। ধারণা করা হচ্ছে, ২০২১ সালে যেখানে চার কোটি গ্রাহক ছিল, ২০২৪ সালে তা ছয় কোটি হবে। ওটিটি গ্রাহকের একটি বড় অংশ স্মার্টফোনে কনটেন্ট দেখে। ভারতে ২০২১ সালে স্মার্টফোন গ্রাহকের সংখ্যা ৪৪ দশমিক ৮ কোটি (২০২০) থেকে বেড়ে ৫০ দশমিক ৩ কোটিতে উন্নীত হয়েছে।

ভারতে ওটিটি প্লাটফর্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টার, জি ফাইভ ও সনি লিভ জনপ্রিয়। এছাড়া অনেক ওটিটি রয়েছে। তবে বিশ্লেষকরা বলেন, এ খাতে ব্যবসা আনতে হলে কৌশল বদলাতে হবে। এক্ষেত্রে রিলায়েন্সের পদক্ষেপ ফলপ্রসূ হবে বলে ক্ষিতিজ পুরোহিত মনে করেন। ভায়াকম এইটিনকে বোধি ট্রি সিস্টেমস সাড়ে ১৩ হাজার কোটি রুপি বিনিয়োগ সহায়তা দিচ্ছে। এর পাশাপাশি আদানি গ্রুপ এ খাতে এলে ভারতের স্ট্রিমিং ব্যবসায় গতি ও প্রতিদ্বন্দ্বিতা উভয়ই তৈরি হবে। অর্থনীতির ক্ষেত্রেও বিষয়টি হবে কৌতূহলোদ্দীপক।

 

সূত্র: দ্য ন্যাশনাল নিউজ