নেটফ্লিক্সের বাণিজ্যিক শাখায় পদ পরিবর্তন হলো এবার। পদোন্নতি পেয়ে চিফ মার্কেটিং অফিসার অর্থাৎ সিএমও হলেন মারিয়ান লি। তিনি ২০২১ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটিতে যোগদান করেন। মারিয়ান যুক্তরাষ্ট্র ও কানাডা অংশে নেটফ্লিক্সে সিনেমা সিরিজের ক্যাম্পেইন তত্ত্বাবধান করতেন। স্ট্রিমিং প্লাটফর্মে আসার আগে তিনি ফ্যাশন ও মিউজিক ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করেছেন। স্পটিফাইয়ে কাজ করেছেন টানা আট বছর। এর আগে ফ্যাশন ম্যাগাজিন ভোগের সঙ্গে যুক্ত ছিলেন।

মারিয়ান নেটফ্লিক্সে যোগ দেয়ার সময় প্রতিষ্ঠানটি বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে ছিল। অ্যাপল ও অ্যামাজন বিদ্যমান ছিল। এর মধ্যে গত কয়েক বছরে ওয়াল্ট ডিজনি, প্যারামাউন্ট গ্লোবাল, কমক্যাস্ট এসে নেটফ্লিক্সের বাজারে প্রভাব ফেলে। মারিয়ান এ চ্যালেঞ্জ গ্রহণ করে নেটফ্লিক্সের বাজার ধরে রাখতে নতুন নতুন পরিকল্পনা করে সফল হন। নেটফ্লিক্সের সহকারী সিইও টেড সারানদোস বলেন, ‘তিনি যখন গত বছর নেটফ্লিক্সে যোগ দেন, দ্রুতই মার্কেটিং টিমকে প্রভাবিত করেন। তিনি নিজেকে প্রমাণ করেছেন ব্যতিক্রম ধারার একজন নেতা হিসেবে। তিনি জানেন জনপ্রিয় ধারায় কীভাবে কোনো কনটেন্ট প্রচার করতে হয়।’

মারিয়ানের আগে পদটিতে ছিলেন বোজমা সেইন্ট জন। তিনি বিশ্বের মার্কেটিং জগতের অন্যতম পরিচিত ও সফলদের মধ্যে একজন। নেটফ্লিক্সের আগে এনডেভরের চিফ মার্কেটিং অফিসার ও উবারের চিফ ব্র্যান্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজ গুণে পেপসিকোতে মিউজিক ও এন্টারটেইনমেন্ট বিভাগের প্রধান হয়েছিলেন। বোজমা সেইন্ট জনের সৃজনশীলতার প্রশংসা করে নেটফ্লিক্সে অবদানের জন্য টেড সারানদোস তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মারিয়ানের সামনে এখন নতুন চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের মূল কাজ এখনো সামনে পড়ে আছে। সে কাজ করার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা বিজনেস টিমের নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’ সংশ্লিষ্টরা আশা করছেন মারিয়ান তার পূর্বসূরির মতোই সফল হবেন।

 

সূত্র: ভ্যারাইটি