অনাকাঙ্ক্ষিত ব্যবহারের জন্য উইল স্মিথের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে অস্কার কমিটি। ক্রিস রককে আঘাত করার প্রতিক্রিয়া হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সোমবার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এ কথা জানিয়েছে। থাপ্পড়-কাণ্ডের জন্য স্মিথকে অভিযুক্ত করা হচ্ছে এবং এ বিষয়ে একাডেমি তদন্ত করবে বলে জানানো হয়েছে।

অস্কারের আসরে মঞ্চে উঠে সঞ্চালককে থাপ্পড় কষিয়েছিলেন স্মিথ। তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় একাডেমি জানায়, তারা কোনো প্রকার সহিংসতা সমর্থন করে না। পরে গত সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতের ঘটনায় আমরা মি. স্মিথকে অভিযুক্ত করছি। আমরা এ বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছি, যেখানে ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করে আমাদের নীতি এবং ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।’

কমিটির পদক্ষেপ কী হতে পারে, সে সম্পর্কে নানা মত ও আশঙ্কা রয়েছে। একাডেমির বোর্ড অব ডিরেক্টরসের সদস্য হুপি গোল্ডবার্গ বলেন, ‘আমরা তার অস্কার কেড়ে নিতে পারি। কোনো না কোনো পদক্ষেপ নেয়া হবে। কিন্তু আমি নিশ্চিত নই।’ এছাড়া তাকে কয়েক বছরের জন্য অস্কার নমিনেশন দেয়া না হতে পারে।

অন্যদিকে অনুষ্ঠানেই সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছিলেন স্মিথ। সরাসরি ক্রিসের কাছে অবশ্য ক্ষমা চাননি তখন। স্মিথের কাণ্ড নিয়ে নানা রকম তর্ক-বিতর্ক চলেছে। শেষমেশ সোমবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ক্রিসের কাছে ক্ষমা চেয়েছেন স্মিথ। নিজের কাজকে অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে তিনি বলেছেন, ‘আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা রাখি, ক্রিস। আমি সীমা ছাড়িয়েছি এবং ভুল করেছি।’

 

সূত্র: রয়টার্স