প্রতিদিনই নানা আয়োজন থাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে থাকছে মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর মঞ্চায়ন। নাট্যসংগঠন স্বপ্নদলের নতুন প্রযোজনা এটি। নাটকটি উইলিয়াম শেক্সপিয়রের রচনা ‘ম্যাকবেথ’ অবলম্বনে করা হয়েছে। ম্যাকবেথের কাহিনী পুনর্বিন্যাস করেছেন জুয়েনা শবনম। গবেষণাগার পদ্ধতিতে ঐতিহ্যের ধারায় বাংলা মূকাভিনয় রীতিতে নির্মিত ম্যাকবেথ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
নাটকটির মঞ্চায়ন নিয়ে জাহিদ রিপন জানান, স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড ও পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’। সারা বিশ্বে শেক্সপিয়রের রচনা নিয়ে মঞ্চ-চলচ্চিত্র-টেলিভিশনে নানামাত্রিক সৃজনকর্ম পরিচালিত হলেও জানা মতে ব্যবহারিক গবেষণার মাধ্যমে পূর্ণাঙ্গ মূকনাট্য বা মাইমোড্রামা হিসেবে মঞ্চে উপস্থাপন স্বপ্নদলের ‘ম্যাকবেথ’-ই প্রথম। ‘ম্যাকবেথ’-এর অভিনয়শিল্পীরা হলেন জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, অনিন্দ্য, অর্ক, মাসুদ, রুহুল, সাব্বির, হৃদয়, তুষার, রকি প্রমুখ।
‘ম্যাকবেথ’ প্রযোজনাটির মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ কোরিওগ্রাফি পরিকল্পনা করছেন হাসানুজ্জামান, পোশাক-সামগ্রী পরিকল্পনা করেছেন জুয়েনা শবনম, হাসানুজ্জামান ও সুমাইয়া শিশির। সংগীত-আবহ পরিকল্পনা করছেন শাখাওয়াত শ্যামল ও মিজাউল ইসলাম খান। প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল। এ দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত স্বপ্নদলের ‘ম্যাকবেথ’-এর ৬ষ্ঠ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
ম্যাকবেথ এর সম্পূর্ণ শিরোনাম: দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ। এটি উইলিয়াম শেক্সপিয়র রচিত একটি ট্র্যাজেডি। এটি তুমুল জনপ্রিয় একটি নাটক, যেটি সারা বিশ্বেই মঞ্চায়িত হয়ে আসছে কয়েকশ বছর ধরে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস ছিলেন শেক্সপিয়রের নাট্য কোম্পানির পৃষ্ঠপোষক। তার রাজত্বকালে শেক্সপিয়র যে নাটকগুলো রচনা করেছিলেন, সেগুলোর মধ্যে ম্যাকবেথ নাটকটিতেই নাট্যকারের সঙ্গে তার পৃষ্ঠপোষকের সম্পর্ক সবচেয়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল। নাটকটি প্রথম প্রকাশ হয়েছিল ১৬২৩ সালের ফোলিও সংস্করণে।










