যুক্তরাষ্ট্রের ড্রিমওয়ার্কস অ্যানিমেশন স্টুডিও ৪ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। তাদের ব্যবসা ভালো হচ্ছে না। তাই ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে কর্মী ছাঁটাই করছে ড্রিমওয়ার্কস অ্যানিমেশন। চলমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে প্রডাকশন কস্ট অনেক বেড়েছে। একই সঙ্গে হলিউডে হওয়া ধর্মঘটের কারণে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে।

কর্মী ছাঁটাই প্রসঙ্গে ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের একজন মুখপাত্র বলেন, ‘৭০ জন কর্মীকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে’। এক বিবৃতিতে তিনি জানান, এদের মধ্যে করপোরেট, ফিচার, টেলিভিশন ও টেকনোলজি বিভাগের কর্মীরা রয়েছেন।

তবে শিগগিরই এমন মন্দা কাটিয়ে ওঠার আশা করছে ড্রিমওয়ার্কস অ্যানিমেশন। এ স্টুডিওর একটি জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘ট্রলস’। এর নতুন কিস্তি ‘ট্রলস ব্যান্ড টুগেদার’ আগামী ১৭ নভেম্বর মুক্তি পাবে। সিনেমাটি ভালো ব্যবসা করবে বলে আশা করছে স্টুডিও কর্তৃপক্ষ। অ্যানিমেটেড মোশন পিকচারটিতে কণ্ঠ দেবেন জাস্টিন টিম্বারলেক, আনা কেনড্রিক, ক্যামিলা ক্যাবেলোসহ আরো অনেকেই। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ট্রলস ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। ১২ কোটি ৫০ লাখ ডলার বাজেটে নির্মিত সিনেমাটি মোট ৩৪ কোটি ৬০ লাখ ডলার আয় করেছিল। সেরা মৌলিক গান ক্যাটাগরিতে অ্যানিমেশন সিনেমাটি অস্কার মনোনয়ন পেয়েছিল। ২০২০ সালের এপ্রিলে মুক্তি পায় এর সিকুয়াল ‘ট্রলস ওয়ার্ল্ড ট্যুর’। ট্রলস ব্যান্ড টুগেদার এ অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা হতে যাচ্ছে।

চলতি বছরের শুরুতে ড্রিমওয়ার্কস অ্যানিমেশন ও নেটফ্লিক্সের মধ্যে একটি সিনেমা নির্মাণের ব্যাপারে চুক্তি হয়েছে। অ্যানিমেশন সিনেমাটির নাম ‘ওরিয়ন অ্যান্ড দ্য ডার্ক’। ২০২৪ সালের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পেতে পারে। এ সিনেমায় ওরিয়ন ও ডার্কের চরিত্রে যথাক্রমে জ্যাকব ট্রেম্বলে ও পল ওয়াল্টার কণ্ঠ দেবেন।

সূত্র: ডেডলাইন