টানটান উত্তেজনা, রহস্য ও রোমাঞ্চে ঘেরা থ্রিলার সিরিজ ‘আরণ্যক’। নেটফ্লিক্সে আসছে ওয়েব সিরিজটি। এরই মধ্যে মুক্তি পেয়েছে আরণ্যকের টিজার। আরণ্যক নাম শুনলেই মনে হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। তবে এ সিরিজের সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যকের সম্পর্ক নেই।
টিজারে দেখা গেছে, হিমালয় পর্বতের এক গহিন অরণ্য, দিনেও যেখানে রাতের মতো অন্ধকার। আর সেখানেই উৎপাত এক রক্তপিপাসু জন্তুর। যার ভয়ে কাঁটা দেয় সেই অরণ্যের দায়িত্বে থাকা কর্মীদের। এক রাতে সেই ভয়ংকর জন্তুকে শেষ করার ছক কষে তারা। তারপর কী হয়? সেই গল্পই বলবে ‘আরণ্যক’। ওয়েব সিরিজটিতে অভিনয় করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। আরণ্যকে পুলিশের ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। এখানে রাভিনার চরিত্রের নাম কস্তুরি। এ সিরিজের মধ্য দিয়েই ওটিটি প্লাটফর্মে পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। আগামী ১০ ডিসেম্বর শুরু হবে সিরিজের ওটিটি স্ট্রিমিং।










