হলিউডে চিত্রনাট্যকারদের ধর্মঘট শেষ হয়েও হলো না। চিত্রনাট্যকারদের সংগঠন ‘‌রাইটার্স গিল্ড আমেরিকা’ তাদের ধর্মঘট শেষ করলেও শেষ করছে না এসএজি-এএফটিআরএ (স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস)। রাইটার্স গিল্ড তাদের ধর্মঘট শুরু করেছিল মে মাসে। এরপর যোগ দেয় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড। চিত্রনাট্যকারদের সঙ্গে বড় স্টুডিওগুলোর মিটমাট হলেও দাবি পূরণ হয়নি অভিনেতা ও রেডিও-টেলিভিশন শিল্পীদের। ফলে তারা প্রায় ১০০ দিন ধরে চালাচ্ছেন ধর্মঘট। সম্প্রতি এ ধর্মঘট শেষ করার অনুরোধ করেছেন জর্জ ক্লুনি। পাশাপাশি তার মুখপাত্র জানিয়েছেন, ক্লুনিসহ আরো কয়েকজন প্রথম সারির অভিনেতার পক্ষ থেকে সংগঠনকে ১৫ কোটি ডলার দেয়া হবে। এ অর্থ দিয়ে তারা সংগঠনের সদস্যদের নানা রকম সাহায্য করার জন্য ফান্ড বাড়াতে পারবেন।

এসএজি-এএফটিআরএ তাদের দাবি নিয়ে প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে বসেছে বারবার। কিন্তু কোনো সমাধানে আসতে পারছে না তারা। ফলে প্রথম সারির অভিনেতারা এগিয়ে এসেছেন সমস্যা সমাধানে। ক্লুনি ডেডলাইনকে বলেন, ‘বেশি আয় করে এমন অভিনেতারা এ সমস্যার সমাধানে এগিয়ে আসতে চান। আমার মনে হয় আমরা ইউনিয়নকে আরো বেশি অর্থ সাহায্য করতে পারি।’

মূলত ধর্মঘটের অবস্থা দেখে মঙ্গলবার সন্ধ্যায় ক্লুনিসহ ১৫ জন শীর্ষ অভিনেতা একটি জুম মিটিংয়ে এসেছিলেন ‘‌এসএজি-এএফটিআরএ’র নেতৃস্থানীয়দের সঙ্গে। এ খবর শুরুতেই জানানো হয়নি। মিটিংয়ে সংগঠনের নেতারা জানান, স্টুডিওর সঙ্গে তাদের সংলাপ থেকে কোনো ভালো ফল আসছে না। এরপর নানা আলোচনার পাশাপাশি অভিনেতারা ইউনিয়নে অর্থ সাহায্য বাড়ানোর কথা বলেন।

কিছুদিন আগে ভ্যারাইটি তাদের এক প্রতিবেদনে বলেছিল বেন অ্যাফ্লেক, এমা স্টোনের মতো অভিনেতারা এ ধর্মঘট নিয়ে চিন্তিত এবং তারাও সমাধানের পথ খুঁজতে উভয় পক্ষের সঙ্গে কথা বলতে আগ্রহী। সে জায়গা থেকেই অভিনেতাদের একটি বড় দল এবার তাদের পক্ষ থেকে ধর্মঘট বন্ধ করার ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছে।

হলিউডের এ ধর্মঘট নানা সমস্যার সৃষ্টি করেছে। চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে বেশকিছু সিনেমা, সিরিজ ও শো বিলম্বিত হওয়ার পাশাপাশি বাতিলও হয়েছে। এছাড়া শুটিং ও অন্যান্য কাজে দেরি হওয়ায় স্টুডিও, প্রযোজক ও কর্মীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবু নমনীয় হচ্ছে না স্টুডিওগুলো। অনেক ক্ষেত্রেই তারা বকেয়া শোধ করতে টালবাহানা করছে।

এর মধ্যে ইউনিয়নের কিছু পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু তাদের বক্তব্য তারা শিল্পীদের জন্যই কাজ করছে। এর মধ্যে ইউনিয়নের প্রধান ডানকান ক্র্যাবট্রি-আয়ারল্যান্ড বলেন, ‘‌আমাদের সবসময়ই সমর্থন দিয়ে আসছেন কর্মীরা। তাদের জন্যই কাজ করি আমরা। এর মধ্যে চলমান সংকট থেকে উত্তরণে তাদের কাছেও পরামর্শ আহ্বান করা হচ্ছে।’

কর্মীরা ইউনিয়নের প্রতি আসলেই সমর্থন দিয়ে যাচ্ছেন। সমস্যা হচ্ছে স্টুডিও সেদিকে ভ্রূক্ষেপ করছে না। এখন প্রথম সারির অভিনেতাদের হস্তক্ষেপে কিছু পরিবর্তন এলেও আসতে পারে।

সূত্র: ডেডলাইন