এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা মন্দিরা চক্রবর্তী। এখন পর্যন্ত তিনি দুটি সিনেমায় অভিনয় করেছেন। একটি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’, অন্যটি মিঠু খানের ‘নীলচক্র’।
নীলচক্র সিনেমাটি চলতি বছরের শুরুর দিকে মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। বিশেষ করে ঢাকার সিনেপ্লেক্সে মুক্তির পর সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়। বেশ আগ্রহ নিয়ে দর্শক এ সিনেমা উপভোগ করে। তখন অনেক দর্শকের অনুরোধও ছিল প্রদর্শনের দিন আরো বাড়ানোর। কিন্তু শেষ পর্যন্ত নিয়মের ধারাবাহিকতায় সেটি আর হয়নি।
যাদের হলে গিয়ে নীলচক্র দেখার সুযোগ হয়নি সে সময়, তাদের জন্যও অভিজ্ঞতা তৈরি করেছে ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’। সম্প্রতি মন্দিরা অভিনীত এ সিনেমা আইস্ক্রিনে প্রকাশ হয়েছে। দর্শক এখন এ প্লাটফর্মে সিনেমাটি উপভোগ করছেন। মন্দিরা বলেন,
‘নীলচক্র মুক্তির সময় অনেকেই নানা ব্যস্ততার কারণে হলে গিয়ে এটি দেখতে পারেননি। আমারও ভীষণ খারাপ লেগেছিল, কারণ অনেক কাছের মানুষই দেখেনি। তাদের জন্যই আইস্ক্রিন এ সুযোগ দিয়েছে। এখন প্রতিনিয়ত কেউ না কেউ নীলচক্র উপভোগ করছেন এবং তাদের থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। নিজের কাজের প্রতি আরো ভালো লাগা বাড়ছে। আগামীতে নতুন সিনেমায় কাজ করার ক্ষেত্রে আরো সচেতনভাবে এগোতে চাই।’
নীলচক্রে মন্দিরার অভিনয়ে মুগ্ধ দর্শক এখন তার নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে আপাতত মন্দিরার নতুন সিনেমার বিষয়ে কোনো আপডেট নেই। যদি কোনো তথ্য আসে, তিনি ভক্ত দর্শককে সময়মতো জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে কিছুদিন আগে কাজল রেখা সিনেমায় অভিনয়ের জন্য ‘সিজেএফবি’ সম্মাননা অনুষ্ঠানে ‘প্রমিজিং অ্যাক্টর’ হিসেবে সম্মাননা পেয়েছেন মন্দিরা। এর আগে যুক্তরাষ্ট্রে কাজল রেখা সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেছেন দুটি আলাদা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। দেশে ফিরে আবার কাজল রেখা ও নীলচক্রে অভিনয়ের জন্যও সম্মাননা পেয়েছেন।










