কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের নাটক ‘নাজুক মানুষের সংলাপ’ মঞ্চে এনেছে নাট্যদল ‘‌থিয়েটারওয়ালা রেপাটরি’। নাটকটি মঞ্চে নির্দেশনা দিচ্ছেন সাইফ সুমন। শুক্রবার সন্ধ্যা ৭টায় জনপ্রিয় এ নাট্যদলের নাটকটির উদ্বোধনী শো করে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। ‘থিয়েটারওয়ালা রেপাটরি’ কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ মে পর্যন্ত একই মিলনায়তনে টানা ৯ দিন ১২টি প্রদর্শনী হবে নাটকটির।

এ নিয়ে সাইফ সুমন বলেন, ‘‌প্রশ্নের উত্তর খোঁজা মানুষের সহজাত ও জ্ঞানতাত্ত্বিক স্বভাব। আবহমানকাল থেকে প্রশ্ন মানুষকে তাড়িত করেছে বলেই সে এগিয়ে গেছে সামনের দিকে। মানুষ জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে। জীবনের সামগ্রিক সত্যকে উপলব্ধি করে, জীবনকে দেখার অভিজ্ঞতা থেকে প্রাজ্ঞজনেরা দিয়ে গেছেন নানা প্রশ্নের উত্তর। চারদিকে সবার চোখে কী এক আতঙ্ক এখন। ক্রমশ তছনছ হয়ে যাওয়া সময়। বেঁচে থাকার লড়াই করতে করতে সবাই ক্লান্ত যেন। সে ক্লান্তিতে গুটিয়ে যাচ্ছে। আমরা যারা সতেজ থাকার ভান করছি তারাও জানি এটা ভানই। এমনটাই বলা হয়েছে এ নাটকে।’

একটানা ১২টি শোয়ের কারণ জানতে চাইলে সুমন বলেন, ‘‌নাট্যচর্চায় শৌখিন মনোবৃত্তির অবসান ঘটানোর তাগিদ থেকে ‘‌থিয়েটারওয়ালা রেপাটরি’ কাজ করছে, করতে চাইছে। সে ধারাবাহিকতায় এ প্রযোজনার পরিকল্পনা—টানা প্রদর্শনী।’

লেখক শাহাদুজ্জামান বলেন, ‘‌কথোপকথনের ভেতর দিয়ে জীবনের নানা দার্শনিক প্রশ্নের উত্তর খোঁজার উদাহরণ রয়েছে বিশ্বসাহিত্যে। আমাদের পঞ্চতন্ত্রের গল্পে, জাতকের গল্পেও এর চর্চা হয়েছে। গল্পে একটি কাহিনী আখ্যান বলার চেয়ে কিছু ভাবনাকে উপস্থিত করাতেই আগ্রহ আমার। গল্পে দুটো লেখার প্রেক্ষাপট ভাবতে গিয়ে জীবনের নানা পর্বে বিবিধ প্রশ্ন দিয়ে যখন তাড়িত হয়েছি তখন মনে হয়েছে প্রশ্নগুলো নিয়ে কারো সঙ্গে নিবিড় আলাপে মগ্ন হতে পারলে বেশ হতো। আলাপে যুক্ত হওয়ার মতো মানুষ খুঁজে পাইনি, তখন নিজেই দুটো চরিত্র তৈরি করে নিয়ে তাদের ভেতর সে কাল্পনিক আলাপটা জারি রেখেছি, যা থেকে এ গল্প।’

নাজুক মানুষের সংলাপ নাটকে অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক ও রুদ্র সাওজাল। আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা ও সংগীত পরিকল্পক ইউসুফ হাসান অর্ক।