বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ সম্প্রতি শিল্পা শেঠির একটি শোয় হাজির হন। এখানে সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনীয়তা নষ্ট করার বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

খ্যাতির ক্ষেত্রে সুবিধা-অসুবিধা মুদ্রার এপিঠ-ওপিঠ মাত্র। খ্যাতি এলে তার সঙ্গে কিছু সমস্যাও জীবনের সঙ্গে জুড়ে যায়। বর্তমান সময়ে এমন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রায় সময় এ তারকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকে নানা বিতর্ক। শিল্পা শেঠির চ্যাট শো শেপ অব ইউতে এসে এ তারকা বলেন, ‘প্রায়ই সামাজিক মাধ্যমের কারণে গোপনীয়তা নষ্ট হয় তার, এমনকি তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়। এখানে সহজেই যে কেউ চাইলে অন্য ব্যক্তিকে ছোট করতে পারেন। এতে অনেকের জীবন তিক্ত হয়ে ওঠে। আমাদের এটা করা থেকে বিরত থাকা উচিত।’ শিল্পা শেঠি জ্যাকুলিনকে প্রশ্ন করেছিলেন, কীভাবে তিনি গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টির দেখেন। জবাবে জ্যাকুলিন বলেন, ‘বছরের পর বছর বিষয়টি দেখছি। এটা নিয়ে আমি বেশ বিরক্ত। সত্যি বলতে গোপনীয়তা নষ্ট করার বিষয়টি অনেক সময় একজন সাধারণ মানুষকে বাধ্য করে অন্যদের সঙ্গে নেতিবাচক আচরণ করতে। তাই আমাদের কখনই উচিত নয় অন্য কারোর ব্যক্তিগত বিষয় সামাজিক মাধ্যমে প্রকাশ করা।’ এ তারকা আরো বলেন, ‘অনেক সময় সত্যতা যাচাই না করেই আমার সম্পর্কে বিভিন্ন মতামত সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এটা যে একজন মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে সেটি আমরা ভাবি না।’

শিল্পার সঙ্গে কথা বলতে গিয়ে জ্যাকুলিন বলেন, ‘সামাজিক মাধ্যমে এমন অনেক তথ্য দেয়া হয় যা সত্য নয়। আসলে এটার সঙ্গে মানিয়ে নেয়া বেশ কষ্টকর। এ থেকে খুব সহজেই একজন সাধারণ মানুষ সবার সঙ্গে ভয়ংকর কিছু করে ফেলতে পারে। কারণ সে অন্য ব্যক্তিদের আচরণে হাঁপিয়ে যায়। তাই মানুষের গোপনীয়তা লঙ্ঘন করা থেকে বিরত থাকা উচিত। সামাজিক মাধ্যমে গুজব ছড়াবেন না। ভাল থাকুন, ইতিবাচক থাকুন সবসময়।’

 

সূত্র: পিংকভিলা