জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব ‘একান্নবর্তী’। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জহির রায়হান ফিল্ম সোসাইটি তিনদিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে। ‘নুতন পথের গল্প বুনি সিনেমার উৎসবে’ স্লোগানে মঙ্গলবার  সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে এবারের সিনেমা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘গণমাধ্যমের একটি শক্তিশালী মাধ্যম চলচ্চিত্র। সমাজ, সংস্কৃতি, রাজনীতি চলচ্চিত্রের মাধ্যমে ফুটে ওঠে। মানসম্পন্ন একটি চলচ্চিত্র সমাজকে বদলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে বহুসংখ্যক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। ভালো মানের চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে চলচ্চিত্রের সোনালি দিন ফিরিয়ে আনা জরুরি।’

এবারের উৎসবের প্রথম দিন জহির রায়হান মিলনায়তনে প্রদর্শিত হয়েছে আরিফুর রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘স্কুটি’ ও খন্দকার সুমন পরিচালিত চলচ্চিত্র ‘সাঁতাও’। এছাড়া জহির রায়হানের চলচ্চিত্রের ওপর মাস্টারক্লাস নেন অমিতাভ রেজা চৌধুরী। উৎসবের দ্বিতীয় দিন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরীর তত্ত্বাবধানে ‘স্ক্রিপ্ট ল্যাব’-এর প্রথম সেশন অনুষ্ঠিত হয়েছে। বিকালে তারকাকথনে ছিলেন অভিনেত্রী অপি করিম।  সন্ধ্যায় জহির রায়হান মিলনায়তনে প্রদর্শিত হয়েছে ইন্দ্রনীল রায় চৌধুরীর চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’।

চলচ্চিত্র উৎসবটির শেষ দিন আজ। উৎসবের শেষ দিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ইন্দ্রনীল রায় চৌধুরীর তত্ত্বাবধানে স্ক্রিপ্টল্যাবের দ্বিতীয় ও শেষ সেশন অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় আর্টিস্ট টকে থাকবেন অভিনেত্রী নাজিফা তুষি। বিকাল ৫টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘হাওয়া’। সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অধ্যাপক শামীম রেজার সঞ্চালনায় ‘সেন্সরশিপ বনাম গল্প বলার স্বাধীনতা’ শীর্ষক  মুক্ত আলোচনায় অংশ নেবেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, আশফাক নিপুন ও মেজবাউর রহমান সুমন।

এছাড়া শেষ দিনে সেলিম আল দীন মুক্তমঞ্চে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সিনা হাসান, আহমেদ হাসান সানি, আকিল আশরাফ ও নবনীতা হৃদি। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।