বিশ্বের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড এলজির পণ্যদূত বলিউড বাদশা শাহরুখ খান। চলতি সপ্তাহের শুরুতেই নয়াদিল্লিতে এলজির ব্র্যান্ড ইভেন্টে হাজির হন তিনি। পণ্যদূত হিসেবে ওই অনুষ্ঠানে এলজির টেলিভিশন নিয়ে কথা বলেন এ তারকা। শাহরুখ বলেন, পণ্যদূত হিসেবে এলজির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার অনেক আগে থেকেই আমি এলজির ভক্ত। মান্নাতে একাধিক এলজির টেলিভিশন রয়েছে।
শাহরুখ খানের বিলাসবহুল বাংলো মান্নাতের কথা তো সবার জানা। মান্নাতে টেলিভিশন সংখ্যা নিয়ে শাহরুখ বলেন, ‘মান্নাতে সবার ঘরে আলাদা টেলিভিশন। আমার নিজের ঘরে একটি টেলিভিশন। শিশুদের প্রত্যেকের ঘরেই টেলিভিশন। এমনকি আমার ছোট ছেলে আব্রামের ঘরেও টেলিভিশনের ব্যবস্থা আছে। মান্নাতে আমাদের ব্যক্তিগত জিম রয়েছে। এ সময় তা উপভোগ করার জন্য জিমেও আমরা একটি টেলিভিশন রেখেছি। তবে এখন টেলিভিশনটি নষ্ট হয়ে গিয়েছে। সত্যি বলতে অপেক্ষা করি আমার পুরনো টেলিভিশনগুলো নষ্ট হওয়ার, যাতে আমি এলজি টেলিভিশন কিনতে পারি মান্নাতের জন্য।’
শাহরুখ খান ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আরো বলেন, ‘১১-১২টি টেলিভিশন রয়েছে মান্নাতে। সব মিলিয়ে মূল্য ৩০-৪০ লাখ রুপি।’
তার এ বক্তব্য তিনি টুইটারে শেয়ার করেছেন। অনেক ভক্তই তাতে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
শাহরুখ খান পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাইয়ে তার বাংলো মান্নাতে থাকেন। বিলাসবহুল এ বাংলো নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এলজি টেলিভিশনের ওই অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ‘আমরা চাইলেও কেউ মান্নাত অগোছালো রাখতে পারি না। কারণ মান্নাতের ভেতর ও বাইরে পুরোটাই আমার স্ত্রী গৌরী সাজিয়েছে এবং তার তদারকিতেই এখানে সবকিছু হয়। তবে মান্নাতের প্রযুক্তিগত বিষয়গুলো দেখার অনুমতি আমাকে দেয়া হয়েছে।’
এলজি টেলিভিশনের একাধিক বিজ্ঞাপনের কাজ করেছেন শাহরুখ ও গৌরী।
২০১৮ সালে জিরো সিনেমায় শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে শাহরুখ খানকে। আগামী বছরের জানুয়ারিতে আসছে শাহরুখ অভিনীত অ্যাকশন থ্রিলার সিনেমা পাঠান। এছাড়া বর্তমানে এ তারকা কাজ করছেন খ্যাতিমান পরিচালক রাজকুমার হিরানির ডানকি সিনেমায়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










