বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। এ উঁচু ভবনের চূড়ায় উঠলেন হলিউড তারকা উইল স্মিথ। ইউটিউব সিরিজ ‘বেস্ট শেপ অব মাই লাইফ’-এ অংশ নিতে এ চ্যালেঞ্জ গ্রহণ করেন মেন ইন ব্ল্যাক খ্যাত এ তারকা। এটি একটি ফিটনেস সিরিজ।
৮ নভেম্বর পোস্ট করা ফিটনেস সিরিজের একটি এপিসোডে স্মিথকে প্রশিক্ষণরত অবস্থায় দেখা যায়। করোনা মহামারী চালকালীন ওজন বেড়েছিল এ তারকার। আর এ সিরিজে দর্শকরা দেখছেন স্মিথ কীভাবে তার আগের শারীরিক গঠন ফিরে পাওয়ার চেষ্টা করছেন।
ভিডিওতে স্মিথ বলেন, ‘আমি আমার শরীর ও মনের সবচেয়ে ভালো গঠন চাই, অন্তত যতটা সম্ভব। এতে আমাকে ঠিকঠাক দেখাবে এবং কাজের জন্য ফিট থাকব।’
ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, স্মিথের ওজন মাপা শেষ করে জানাচ্ছেন যে তিনি দুবাই যাচ্ছেন।
তিনি আরো বলেন, ‘দুবাই আমার ব্যক্তিত্বের সঙ্গে যায়। আমি কীভাবে দুনিয়া ও জীবনকে দেখি তার সঙ্গে দুবাইয়ের সাদৃশ্য আছে। আপনি যদি একটি ভবন নির্মাণের স্বপ্ন দেখেন তাহলে সেটা কেন বুর্জ খলিফা হবে না?’
উইল স্মিথ ৬১ মিনিটে সিঁড়ি বেয়ে বুর্জ খলিফার ১৬০ তলায় উঠে যান। এজন্য তাকে ২৯০৯টি সিঁড়ি ভাঙতে হয়েছে।
এরপর তিনি সেফটি গিয়ার পরে মই বেয়ে বুর্জ খলিফার মাথায় সুচের মতো অংশের চূড়ায় ওঠেন। এখানেই শেষ নয়, বুর্জ খলিফার চূড়ায় উঠে তিনি ছবিও তুলেছেন, পা ঝুলিয়ে দিয়ে সেখানে বসেছেনও। মানুষের তৈরি সর্বোচ্চ ভবনের চূড়ায় বসে থাকা উইল স্মিথের চোখে-মুখে সামান্য কোনো ভয়ডর কিংবা উচ্চতাভীতি দেখা যায়নি। স্বভাবতই বুর্জের চূড়ায় তোলা তার ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে গেছে। হলিউডের এ জনপ্রিয় অভিনেতাকে এ উঁচু ভবনের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক অনেকেই।
মার্কিন অভিনেতা উইল স্মিথ পাঁচটি গোল্ডেন গ্লোব ও দুটি একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া তার ঝুলিতে রয়েছে চারটি গ্র্যামিও অ্যাওয়ার্ড। এদিকে ৯ নভেম্বর প্রকাশিত হয়েছে স্মিথের স্মৃতিকথা ‘উইল’।
তবে স্মিথের আগে এয়ারলাইনস সংস্থা ফ্লাই এমিরেটসের একটি বিজ্ঞাপনে সংস্থাটির এক নারী কর্মীকে বিশ্বের উচ্চতম এ ভবনের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছিল।
সূত্র: গাল্ফ নিউজ










