অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে চলছে ‘হারমোনি অব কালারস’ শীর্ষক একটি সম্মিলিত শিল্প প্রদর্শনী। প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটে। বাংলাদেশের বিশিষ্ট শিল্প সংগ্রাহক এবং অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপারসন মিস নীলু রওশন মুর্শেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশবরেণ্য শিল্পীদের সাম্প্রতিক সময়ের করা বেশকিছু নান্দনিক শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এ আয়োজনে। এছাড়া এ প্রদর্শনীতে তরুণ শিল্পীদের অভিনব কিছু শিল্পকর্ম স্থান পেয়েছে।
প্রদর্শনীটি নিয়ে অবিন্তা গ্যালারির কিউরেটর সুলতান মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, ‘অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস সূচনালগ্ন থেকেই বাংলাদেশের তরুণ ও উদীয়মান শিল্পীদের পাশে থাকতে কাজ করছে। তাই আমরা দেশে ও বহির্বিশ্বে তরুণ শিল্পীদের শিল্পচর্চার প্রচার ও প্রসারে বিভিন্ন শিল্প প্রদর্শনীর আয়োজন করে আসছি। এছাড়া আর্ট ক্যাম্প ও বিবিধ শিল্পকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করে আছি সেই শুরু থেকেই। দেশের তরুণ ও কিংবদন্তি শিল্পীদের একত্রীকরণে অবিন্তা গ্যালারি দৃঢ় প্রতিজ্ঞ। সে ধারাবাহিকতায় হারমোনি অব কালারস শীর্ষক শিল্প প্রদর্শনীটি চলছে। প্রতিদিন দর্শনার্থীরা আসছেন প্রদর্শনীটিতে শিল্পীদের করা শিল্পকর্মগুলো দেখার জন্য।’
চলমান প্রদর্শনীটিতে গিয়ে দেখা যায় সব বয়সের দর্শক শিল্পের আবেগ গ্রহণ করতে আসছেন। তারা শিল্পকর্মগুলো দেখছেন এবং অনেকে শিল্পীদের সঙ্গে এ নিয়ে কথা বলছেন। অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের সংশ্লিষ্টদের কাছে জানতে চাইলে তারা প্রদর্শনীটি নিয়ে জানান, এ শিল্প প্রদর্শনীতে অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের দেয়ালে স্থান পেয়েছে ১৬ জন স্বনামধন্য শিল্পীর মোট ৩০টি বিশেষ শিল্পকর্ম, যার মধ্যে ফুটে উঠেছে শৈল্পিক ভাবনার প্রতিফলন। প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমে অঙ্কিত শিল্পকর্ম রয়েছে। এর মধ্যে অ্যাক্রিলিক পেন্টিংয়ের পাশাপাশি স্থান পেয়েছে পেনসিল স্কেচ, পেন স্কেচ, তৈলচিত্র, জলরঙ ও অন্যান্য মাধ্যমের বহুল শিল্পকর্ম।
রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় অবস্থিত অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসে চলমান সম্মিলিত শিল্প প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীটি ১৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত চলমান থাকবে।










