একেক তারকার জীবনবোধ ও জীবনযাপন আলাদা। তবে সব তারকার একটি জিনিসে মিল রয়েছে, সেটি হলো তাদের বিলাসবহুল জীবন। বিনোদন দুনিয়া মাতিয়ে রাখা এ তারকাদের সবাই জমকালো বাড়ি, গাড়ি, পোশাক ও আনুষঙ্গিকের সঙ্গে অভ্যস্ত। বলিউডের তারকাদের বিলাসবহুল গাড়ি যেন তাদের বিলাসিতার প্রমাণ দেয়।
বুগাটি ভেরন-শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খানের গাড়ির প্রতি আলাদা আকর্ষণ নতুন বিষয় নয়। তার সংগ্রহে রয়েছে কয়েকটি গাড়ি, যার সবই বিলাসবহুল। বুগাটি ভেরন বলিউড বাদশার গ্যারেজে সবচেয়ে নজরকাড়া গাড়ি। একটি আট লিটার কোয়াড-টার্বোচার্জড, ডব্লিউ সিক্সটিন ইঞ্জিন গাড়িটিকে অন্যতম সেরা গাড়ির তালিকায় নিয়ে গিয়েছে। ঘণ্টায় ৪০৭ কিলোমিটার গতি যেন অন্যান্য গাড়িকে হার মানিয়ে দেয়। বিএমডব্লিউ ও রোলস-রয়েসের মতো গাড়িগুলো রয়েছে শাহরুখের কাছে।
ফেরারি ৫৯৯ জিটিবি কুপে-সঞ্জয় দত্ত
বলিউডের খ্যাতনামা তারকা সঞ্জয় দত্ত। তার পছন্দের তালিকায় যে একাধিক দামি গাড়ি থাকবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। সাড়ে ৩ কোটি রুপি ব্যয় করলে দেখা মিলবে ফেরারি ৫৯৯ জিটিবি কুপের। আর এ বিলাসবহুল গাড়িটি ব্যবহার করেন সঞ্জয় দত্ত। দুই আসনের ছয় হাজার সিসির গাড়িটিতে ভি১২ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা চালককে অসাধারণ অনুভূতি দেয়। সঞ্জয় দত্তের ফেরারিটি ঘণ্টায় ৩৩০ কিলোমিটার গতিতে চলতে পারে।
বেন্টলে কন্টিনেন্টাল জিটি-অভিষেক বচ্চন
বিশ্বের অন্যতম সেরা গাড়ির ব্র্যান্ডের মধ্যে রয়েছে বেন্টলে। বলিউডের অন্যতম অভিনেতা অভিষেক বচ্চনের গাড়ির তালিকায় রয়েছে বেন্টলে কন্টিনেন্টাল জিটি। গাড়িটির বাজারদর ৪ কোটি রুপির বেশি। বিলাসবহুল সেরা গাড়ির তালিকায় স্থান করে নিয়েছে গাড়িটি। বান্টি বাবলিখ্যাত অভিষেকের দখলে রয়েছে ডি এ এইট এল ও মার্সিডিজ-বেঞ্জ এস ৫০০-এর মতো গাড়ি, যা এ তারকার ব্যক্তিত্ব আর আভিজাত্য প্রকাশ করে।
রোলস-রয়েস ঘোস্ট সিরিজ টু-হূত্বিক রোশন
নিজের ৪২তম জন্মদিনে নিজেকে একটি কাস্টমাইজড রোলস-রয়েস ঘোস্ট সিরিজ টু গাড়ি উপহার দিয়েছিলেন হূত্বিক রোশন। গাড়িটির বাজারমূল্য সাড়ে ৬ কোটি রুপি। বিলাসবহুল গাড়ির মধ্যে অন্যতম রোলস-রয়েস।
অ্যাস্টন মার্টিন র্যাপিড এস-রণবীর সিং
রণবীর সিংয়ের গ্যারেজে কয়েকটি নামিদামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে, যার মধ্যে অন্যতম অ্যাস্টন মার্টিন র্যাপিড এস। তার গাড়িটির বাজারদর সাড়ে ৩ কোটি রুপির মতো, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা। ল্যাম্বরগিনির মতো আরো কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে এ তারকার।
মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ এজিএম-রণবীর কাপুর
সাঞ্জুখ্যাত অভিনেতা রণবীর কাপুরের যে দামি গাড়ি সংগ্রহের বাতিক রয়েছে, তা কারোর অজানা নয়। ২ কোটি ১৫ লাখ রুপির মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ এজিএম গাড়িটি রয়েছে এ তারকার। অসাধারণ ডিজাইন, শক্তিশালী ইঞ্জিনের এ গাড়ি অনেকের কাছে স্বপ্ন। প্রায়ই মুম্বাইয়ের রাস্তায় গাড়ি নিয়ে বের হয়ে যান রণবীর কাপুর। বেশির ভাগ সময় তাকে এ মার্সিডিজ-বেঞ্জ চালাতে দেখা যায়।
সূত্র: কার অ্যান্ড বাইক ডটকম










